 |
ঢাকা: বিমান শ্রমিক লীগ সভাপতি মশিকুর রহমানের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা ও দুটি অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শ্রমিক লীগের সভাপতির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবি আদায়ে বিমান শ্রমিকরা ধর্মঘট পালন করে ৮ জানুয়ারি। ওইদিনই বিমানমন্ত্রী ফারুক খান আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা ধর্মঘট প্রত্যাহার করেন।
মন্ত্রীর আশ্বাস অনুযায়ী বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসাদ্দেক আহমেদ বুধবার মশিকুর রহমানের বিরুদ্ধে আনা দু’টি অভিযোগ প্রত্যাহার করে নেন। সেই সঙ্গে প্রত্যাহার করে নেন বিমানবন্দর থানায় করা একটি মামলাও। বিমান সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, বিমানের এক কর্মকর্তাকে লাঞ্ছিত করা ও গণমাধ্যমে বিমানের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছিলো মশিকুরের বিরুদ্ধে। এছাড়া বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে একটি মামলাও করেছিলো বিমান কর্তৃপক্ষ।
দাবি আদায়ে ৬ জানুয়ারি বিমান কর্মচারী ও শ্রমিকরা এয়ারলাইন্সের এমডি মোসাদ্দেক আহমেদকে প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছিলো। পরদিন বিমানের প্রধান কার্যালয় বলাকা অচল করে দেয় আন্দোলনকারীরা। এরই এক পর্যায়ে ৮ জানুয়ারি ধর্মঘটে যান বিমান শ্রমিক-কর্মচারীরা।
কর্মচারীদের অন্য দাবির মধ্যে রয়েছে- শতভাগ মেডিকেল ভাতা প্রদান, বিমানের ইউনিফর্মের টাকা সংস্থা থেকে প্রদান, খাদ্য ভাতা ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করা, ৫ বছরের বেশি যেসব কর্মী ক্যাজুয়াল হিসেবে কাজ করছেন তাদের চাকরি স্থায়ী করা।
এর আগে গত বছরের ৫ মার্চ থেকে বিমান বাঁচাও ঐক্য পরিষদের ব্যানারে বিমানের বৈমানিক, প্রকৌশলী, কেবিন ক্রু, কর্মকর্তা-কর্মচারীরা এয়ারলাইন্সের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে।
মার্চ মাস জুড়েই তারা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, অবস্থান কর্মসূচি, কর্মবিরতিসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে।
আন্দোলনের এক পর্যায়ে ঐক্য পরিষদ নেতারা সর্বাত্মক ধর্মঘটের ডাক দেন। এরই পরিপ্রেক্ষিতে বিমান মন্ত্রী ফারুক খান পরিষদ নেতাদের ডেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা ধর্মঘট স্থগিত করেন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৩
আইএইচ/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর