 |
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্লাইটে খাবার প্রস্তুতকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ক্যাটারিং (বিএফসিসি) সেন্টারের ১১ কর্মী গোয়েন্দা নজরদারিতে রয়েছেন।
প্রধানমন্ত্রীর জন্য খাবার তৈরিকারী বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) ৩৪ জনের একটি টিম রয়েছে। এর মধ্যে ১১ জন তাদের অফিসিয়াল কাগজপত্রে নিজের স্থায়ী ঠিকানা সম্পর্কে ভুল তথ্বায দিয়েছেন। অর্থাৎ যে জেলায় তাদের বাড়ি তা উল্লেখ না করে তারা ভিন্ন জেলার নাম উল্লেখ করেছেন। এই ১১ জনের তালিকার একজন আবার বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের সক্রিয় সদস্য।
বিমান সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিএফসিসি’র এই ১১ কর্মীর স্থায়ী ঠিকানায় গড়মিল পেয়েছে গোয়েন্দা সংস্থা। যেমন এর মধ্যে বিএফসিসি’র প্রধান শেফ মো. শাহজাহানের বাড়ি কুমিল্লা। কিন্তু তিনি স্থায়ী ঠিকানা হিসেবে দেখিয়েছেন সিলেট। ঠিক একইভাবে বাকি ১০ জনের মধ্যে তিনজনের স্থায়ী ঠিকানা কুমিল্লা। এরা স্থায়ী ঠিকানা দেখিয়েছেন গাইবান্ধা, নারায়ণগঞ্জ ও পাবনা।
এভাবে বাকি সাতজনই যার যে স্থায়ী ঠিকানা তা না দেখিয়ে ভিন্ন জেলাকে স্থায়ী ঠিকানা দেখিয়ে বিমানে চাকরি নিয়েছেন। আর এ কারণেই এই ১১ জনের বিরুদ্ধে তদন্ত করছে গোয়েন্দা সংস্থা।
বিমান সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী বিমানের যে ফ্লাইটে বিদেশ সফরে যান তাকে ভিভিআইপি ফ্লাইট হিসেবে উল্লেখ করা থাকে কাগজপত্রে। আর এই ফ্লাইটের জন্য যে খাবার যায় তা বিএফসিসিই তৈরি করে থাকে। প্রধানমন্ত্রীর ফ্লাইট স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ হওয়ায় বিএফসিসি এজন্য একটি আলাদা তালিকা তৈরি করে থাকে। সেই তালিকায় যাদের নাম থাকে তারাই খাবার তৈরি করেন। তালিকায় থাকা কর্মীদের সম্পর্কে গোয়েন্দা সংস্থার নজরদারিও থাকে।
সর্বশেষ গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের ফ্লাইটে তুরস্কে যাওয়ার সময় বিএফসিসি’র কর্মীদের ভুয়া ঠিকানা ব্যবহার করার বিষয়টি বেরিয়ে আসে।
বিমান সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর তুরস্কের ফ্লাইটে বিমানের বিএফসিসি’র কর্মী কর্মরত ছিলেন। যার সঙ্গে ফ্রিডম পার্টির যোগসূত্র রয়েছে।
এ বিষয়টি তদন্ত করতে গিয়ে গোয়েন্দা সংস্থা বিএফসিসিতে প্রধানমন্ত্রীর খাবার প্রস্তুতকারী ৩৪ জনের তালিকার ১১ জনের ভুয়া ঠিকানা খুঁজে পান। এরপর বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করে।
এ বিষয়ে বিএফসিসি’র প্রধান শেফ মো. শাহজাহান বাংলানিউজের কাছে তার স্থায়ী ঠিকানা কুমিল্লা বলে স্বীকার করে বলেন, সিলেটে বাবার চাকরির কারণে তিনি ওখানকার ঠিকানা ব্যবহার করেছিলেন। বাবার চাকরির কারণে বর্তমান ঠিকানা পরিবর্তন হতে পারে কিন্তু স্থায়ী ঠিকানা পাল্টে যায় কিনা না তা জানতে চাইলে মো. শাহজাহান বলেন, আমার বাড়ি-ঘর কোথায় তা তদন্ত করেই বিমানে চাকরি হয়েছে।
এ বিষয়ে বাংলানিউজের পক্ষ থেকে বিএফসিসি’র মহাব্যবস্থাপক ফিরোজ খানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিং-এ আছেন বলে বিষয়টি এড়িয়ে যান। উপ-মহাব্যবস্থাপক সাইদুর রহমানের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এ নিয়ে তিনি কোনো কথা বলতে চাননি।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘন্টা, জুন ১২, ২০১২
আইএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; আহ্সান কবীর, আউটপুট এডিটর