 |
| ছবি: বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: বিশ্বব্যাংকের শর্ত অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে তথ্য আদান-প্রদানের সবকিছু চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান।
মঙ্গলবার দুপুরে দুদক কার্যালয়ে প্রবেশের সময় অপেক্ষামান সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
দুদক চেয়ারম্যান বলেন, “শর্ত অনুযায়ী বিশ্ব্যাংকের সঙ্গে দুদক তথ্য শেয়ারিংয়ের (তথ্য বিনিময়) সবকিছু সম্পন্ন করেছে। এখন কেবল স্বাক্ষরের অপেক্ষা।”
স্বাক্ষরের পর বিশ্বব্যাংক ও দুদক পদ্মাসেতু সংক্রান্ত বিভিন্ন তথ্য বিনিময় করবে বলে তিনি জানান।
বিশ্বব্যাংকের সদিচ্ছার ওপরই সমঝোতা চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া এগুবে বলে তিনি জানান।
অর্থ উপদেষ্টা মসিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করা প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, “প্রয়োজনে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। কেউতো আইনের ঊর্ধ্বে নন।”
হলমার্ক কেলেঙ্কারির বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, “তদন্ত কমিটিকে স্বাধীনতা দেওয়া হয়েছে। তারা যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারবে।”
স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীকে কখন জিজ্ঞাসাবাদ করা হবে- সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে দুদক চেয়ারম্যান বলেন, “দুদকের অনুসন্ধান টিম অনুসন্ধানের প্রয়োজনে তাকেও ডাকতে পারে। অনুসন্ধান কমিটিকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “এর আগে দুদকের একজন কমিশনার বলেছেন, তাকে (স্বাস্থ্য উপদেষ্টা) ডাকা হবে। তার কথাই কমিশনের কথা। এখানে এ বিষয়ে আমি আর বলতে চাই না।”
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১২
এডিএ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com