 |
বগুড়া: আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা দুর্নীতিতে ব্যস্ত। তারা পদ্মা সেতুর ১২ শ’ কোটি টাকা লুটপাট করলেও ধনুটের বাঁধভাঙা মানুষের জন্য কিছু করার সুযোগ পান না।
বুধবার বন্যা কবলিত ধুনটের ভাণ্ডারবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন শেষে বিকেল ৫টার দিকে ত্রাণ সামগ্রী বিতরণকালে বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, “আন্তর্জাতিক মহল বাংলাদেশের দুর্নীতি, মানবাধিকার পরিস্থিতি, সু-শাসনসহ বিভিন্ন ইস্যুতে সোচ্চার হলেও সরকার এটাকে পাত্তাই দিচ্ছে না। সরকারের সীমাহীন দুর্নীতি, গুম, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন, গণমাধ্যমের উপর হামলা, বিচার বিভাগসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নজিরবিহীন দলীয়করণের বিষয়টি এখন নিয়মিত আলোচিত হচ্ছে আন্তর্জাতিক মহলে।”
তিনি আরো বলেন, “অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে বিশ্বব্যাংক, জাপান, যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী দেশ এবং দাতা সংস্থা বাংলাদেশের এসব ইস্যুতে বিশেষ করে দুর্নীতির ব্যাপারে কয়েকমাস ধরে তাদের উদ্বেগের কথা প্রকাশ্যেই জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় দুর্নীতির দায়ে বহুল আলোচিত পদ্মা সেতু নির্মাণের চুক্তি বাতিল করেছে বিশ্বব্যাংক।”
ত্রাণসামগ্রী বিতরণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান, উপদেষ্টা জানে আলম খোকা, শেখ তাহা উদ্দিন নাহিন, তৌহিদুল আলম মামুন, মাহফুজুর রহমান রাজু, মেহেদী হাসান হিমু, হাতেমুজ্জামান তালুকদার, শাহাদত হোসেন পল্টন, ফজলুল হক উজ্জ্বল, শাহাবুল আলম পিপলু, হাসানুজ্জামান পলাশ, আলিমুদ্দিন হারুন মন্ডল, রবিউল হাসান শামীম তালুকদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৬৫৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
টিএম মামুন/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর