সিলেট: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, ‘আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করায় সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে।’
বৃহস্পতিবার সিলেট বিভাগীয় নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনোত্তর মূল্যায়ন এবং পাঁচবছর মেয়াদী কৌশলগত পরিকল্পনা ও দুই বছর মেয়াদী কর্মপরিকল্পনা বিষয়ে দিনব্যাপী কর্মশালায় দেওয়া প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তবে সিইসি বলেন, ‘রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করতে পারে আগামী সংসদ নির্বাচন কার অধীনে হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের কোন ভূমিকা নেই।’
তিনি বলেন, ‘দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনের কোন বিকল্প নেই। এ অবস্থায় দেশের রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছুবে বলে আমরা আশা করি।’
সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন এরইমধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে বলে সিইসি কাজী রকিব উদ্দিন জানান।
কর্মশালায় অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক, অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম, বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলমসহ সিলেট বিভাগের চার জেলার জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মে ২৪, ২০১২
ইএইচ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর