মানুষ হয়েই সবধরণের মানবিক অধিকার থেকে তারা বঞ্চিত। সমাজ-সভ্যতা তাদের প্রতি বড় নির্মম। নপুংশক বা হিজড়া সম্প্রদায়ের জীবন বিড়ম্বনার গল্প নিয়ে ভিন্নধারার ছবি ‘কমন জেন্ডার- দ্য ফিল্ম’ মুক্তি পাচ্ছে ২২ জুন শুক্রবার একযোগে ঢাকার পাঁচটি এবং নারায়ণগঞ্জের একটি সিনেমা হলে।
শুধু বাংলাদেশেই নয়, ‘কমন জেন্ডার- দ্য ফিল্ম’ ছবিটি আগামী ২৪ ও ২৫ জুন ইতালির রোমের নব সিনেমা হলে প্রদর্শন করা হবে বলে জানান ছবিটির প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান ইআর সিনেম।
‘কমন জেন্ডার- দ্য ফিল্ম’ ছবিটি মুক্তি উপলক্ষে ২০ জুন বুধবার রাজধানীর গুলশানের একটি রেস্তেরাঁয় অনুষ্ঠিত হয় প্রেস শো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-আর সিনেমার সিইও মিডিয়া ব্যক্তিত্ব আশফাহ্ হক লোপা, ম্যানেজিং পার্টনার ইঞ্জিনিয়ার তানভীরুল হক প্রবাল, ছবির পরিচালক নোমান রবিন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদিকেরা।
আশফাহ হক লোপা তার বক্তব্যে বলেন, সম্পূর্ণ ভিন্নধর্মী গল্প নিয়ে ‘কমন জেন্ডার- দ্যা ফিল্ম’ ছবিটি নির্মাণ করা হয়েছে। হিজরাদের জীবনের সুখ-দু:খ, আনন্দ-বেদনার বাস্তবচিত্র ছবিটিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। হিজরাড়াও যে এই সমাজের আর দশজন মানুষের মতো মানুষ, ছবিতে এই বক্তব্যটির প্রতিই জোর দেওয়া হয়েছে।
‘কমন জেন্ডার - দ্যা ফিল্ম’ ছবির পরিচালক নোমান রবিন বলেন, মানবতার গল্পই হলো ছবিটির মূল প্রতিপাদ্য। ছবিটি দেখার পর দর্শকদের মনে যদি হিজড়াদের প্রতি সামান্য সহানুভূতি জাগে, তাহলেই আমাদের প্রচেষ্টা স্বার্থক হবে।
মানবিক সুবিধা বঞ্চিত হিজড়ারা ছোট ছোট গোষ্ঠীতে একসঙ্গে থাকে। এরকমই একটি হিজড়া গোষ্ঠীর সুখ-দু:খ ও হাসি-কান্না নিয়ে ছবির কাহিনী গড়ে উঠেছে। ওই গোষ্ঠীতে যেসব হিজড়া বাস করেন তাদের প্রত্যেকেই এসেছেন ভাল পরিবার থেকে। কিন্তু সমাজ তাদেরকে বাধ্য করেছে পরিবার থেকে বিচ্ছিন্ন হতে। তারা একজোট হয়ে বসবাস শুরু করেন এক মাসীর নেতৃত্বে। মমতাময়ী মাসী তাদের ভাল রাখার জন্য চেষ্টার ত্রুটি করেন না। তারা বাজার থেকে টাকা তোলে, তা নিয়ে মাসির হাতে দেয়, মাসী কায়ক্লেশে সংসার চালান। মানুষের বঞ্চনা ও ঘৃণাকে হাসি মুখে বরণ করেই সুখে-শান্তিতে কেটে যাচ্ছিল তাদের জীবন। কিন্তু হঠাৎ সেই সুখের জীবনে কালো মেঘের ছায়া নেমে আসে। হিজড়াদের দলের মধ্যমণি সুস্মিতার জীবনে আসে এক পুরুষ, নাম তার সঞ্জয়। যদিও তাদের সম্পর্ক কেবলই বন্ধুত্বের । কিন্তু তাদের এই বন্ধুত্বকেও সমাজ মেনে নেয় না। পরিবার তথা সমাজের উস্কানিতে সঞ্জয় একপর্যায়ে সুস্মিতাকে হিজড়া বলে গালি দেয়। সুস্মিতা’র মন ভেঙ্গে যায়। বুবলি, সুস্মিতারা পৃথিবীর ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। এই অবিশ্বাসের দাবানল জ্বালিয়ে-পুড়িয়ে ছাড়খার করে দেয় অনেক জীবন। উঠে আসে অনেক পরিবারের লুকিয়ে থাকা গল্প।ওরা প্রশ্ন করে বিধাতাকে! ওরা প্রশ্ন করে সারা পৃথিবীর মানুষকে, ধর্মকে তথা ধর্মের বাহকদের! কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য তাদের কোথায় নিয়ে দাঁড় করায় তাই তুলে ধরা হয়েছে ‘কমন জেন্ডার- দ্যা ফিল্ম’ ছবিতে।
ঢাকার এফডিসি, মিরপুর, রুপনগর, লালকুঠি, উত্তরা, আশুলিয়া, বোটানিক্যাল গার্ডেন, নারায়ণগঞ্জের রনবীর রায় চৌধুরীর জমিদার বাড়ি ও বান্দরবানের মনোরম লোকেশনে ছবিটির শুটিং হয়। নোমান রবিনের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত কমন জেন্ডার দ্যা ফিল্মে অভিনয় করেছেন; সোহেল খান, হাসান মাসুদ, রাশেদ মামুন অপু, রোজী সিদ্দিকী, চিত্রলেখা গুহ, ডলি জহুর, সাজু খাদেম, দিলীপ চক্রবতী, অয়ন চৌধুরী, সালেহ আহমেদ, এস এম মহসিন, মানস বন্দোপাধ্যায়, বিনয় ভদ্র, বাপ্পী আশরাফ, তমাল, শাওন, আশরাফ, শহীদুল আলম সাচ্চু, ইকবাল, সিন্ডি রোলিংসহ শতাধিক থিয়েটার কর্মী। ছবির চিত্রগ্রহণ করেছেন জাহেদ নান্ন ু। সম্পাদনায় হাসান মেহেদী ও সংগীতে আরফিন রুমি, বালাম। ছবির জন্য গীত রচনা করেছেন অনুরুপ আইচ। আবহ সংগীতে রয়েছে শিরোনামহীন, রাহুল আনন্দ, কনক প্রমুখ।
‘কমন জেন্ডার-দ্যা ফিল্ম‘ ছবিতে শুক্রবার থেকে ঢাকার বলাকা, মধুমিতা, পূর্ণিমা, গীত, সংগীত, শাহীন এবং নারায়ণগঞ্জের গুলশান সিনেমা হলে একযোগে মুক্তি পাচ্ছে।
বাংলাদেশ সময় ১৪২০, জুন ২১, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।