ঝালকাঠি: লিমনের বিরুদ্ধে র্যাবের দায়ের করা অস্ত্র মামলায় রোববার নির্ধারিত তারিখে আদালতে অভিযোগ গঠনের শুনানি হয়নি।
এ নিয়ে র্যাবের মামলায় ৮ বার তারিখ পরিবর্তন করা হলো।
আদালত সূত্রে জানা যায়, এ মামলায় ঝালকাঠি বিশেষ ট্রাইব্যুনাল-২ আদলতের বিচারক সম্প্রতি বদলি হওয়ায় ভারপ্রাপ্ত বিচারক মনজুরুল ইমান আগামী ১৬ সেপ্টেম্বর অভিযোগ গঠন শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।
বরাবরের মতোই নিজেকে নির্দোষ দাবি করে প্রধানমন্ত্রীর কাছে মামলা থেকে অব্যাহতি চেয়েছে কলেজ ছাত্র লিমন হোসেন।
লিমনের মা হোসনে আরা বেগম অভিযোগ করে বাংলানিউজকে জানান, তার ছেলের বিরুদ্ধে র্যাবের করা মিথ্যা মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র দায়ের করেছে।
অন্যদিকে, লিমনের মা হোসনে আরা বেগম বাদী হয়ে ২০১১ সালের ১০ এপ্রিল ৬ র্যাব সদস্যের বিরুদ্ধে লিমনকে হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা করেছিলেন। কিন্তু ওই মামলাটির তদন্তে কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করেন তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানর উপপরিদর্শক (এসআই) হালিম তালুকদার বাংলানিউজকে জানান, র্যাবের বিরুদ্ধে দায়ের করা লিমনের মায়ের মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে।
অপরদিকে, র্যাবের করা অস্ত্র আইনের মামলায় ২০১১ সালের ২৪ এপ্রিল এবং সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় এ বছরের ১ জুলাই পুলিশ লিমনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
উল্লেখ্য, ২০১১ সালের ২৩ মার্চ বিকেলে বাড়ির পাশে মাঠে গরু আনতে গেলে র্যাব লিমনকে গুলি করে। পরে গুলিবিদ্ধ হয়ে পা হারায় কলেজ ছাত্র লিমন হোসেন।
বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর