ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির অভিযোগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমানকে গ্রেফতারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
বৃহস্পতিবার জাতীয় সংসদে মাগরিবের বিরতির পর জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
শেখ সেলিম বলেন, “মজিবুর রহমানের এই বক্তব্যের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। তাই তাকে গ্রেফতার করা হোক। তাকে আইনের আওতায় এনে বিচার করা হোক।”
উল্লেখ্য, বুধবার নয়াপল্টনে ১৮ দলীয় জোটের জনসভায় মজিবুর রহমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের সিঁড়ি দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন। এই সিঁড়ি সরিয়ে নিলে আপনি নিজেই নামতে পারবেন না। এতে আপনার জীবন অবসান পর্যন্ত হতে পারে।”
মজিবুর রহমানের প্রকাশ্য এই বক্তব কে খাটো করে দেখার উপায় নেই বলে মন্তব্য করেন শেখ সেলিম।
তিনি আরো বলেন, “২০০৪-০৬ সালে বলা হয়েছিলো শেখ হাসিনার পরিণতি তার বাপের মতো হবে। তখন খালেদা জিয়া প্রকাশ্যে বলেছিল, আওয়ামী লীগ ৫০ বছরে ক্ষমতায় আসতে পারবে না। তাদের এই বক্তব্যের কিছুদিন পরেই ২১ আগষ্টের মতো ঘটনা ঘটলো। ওই দিন যদি একটি গ্রেনেডও প্রধানমন্ত্রীর গায়ে পড়তো তবে তাদের কথাই সত্য হতো, আওয়ামী লীগ আগামী একশ’ বছরে ক্ষমতায় আসতে পারতো না।”
আওয়ামী লীগের সিনিয়র এই সংসদ সদস্য বলেন, “মজিবুর রহমানের এই বক্তব্যে আমরা আতঙ্কগ্রস্ত। যুদ্ধাপরাধীদের বিচার যখন শেষ পর্যায়ে তখন এই ধরনের হুমকি খাটো করে দেখার উপায় নেই। কেননা তারা কিছুদিন আগে যখন যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে ছিল তখন পুলিশের ওপর হামলা চালালো। তারা পুলিশকে পুড়িয়ে মারার অপচেষ্টা করছিল। রাজশাহীতে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল। এর পেছনে খালেদা জিয়ার উৎসকানি ছিল।”
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
এসএইচ/আরআর