 |
ঢাকা: বরগুনা, কুমিল্লা ও দিনাজপুর জেলায় মঙ্গলবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের হাবিলদারসহ ৫ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। বাংলানিউজের জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
বরগুনা: বরগুনার বেতমোর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পুলিশের হাবিলদারসহ ২ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে আমতলী-পটুয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পুলিশের হাবিলদার মো. মশিউর রহমান (৩২) ও তার সঙ্গী জনি (১৫)।
মশিউর বরিশাল মেট্রোপলিটনে কর্মরত ছিলেন। তার বাড়ি যশোরে এবং জনির বাড়ি বরিশাল শহরে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আক্তার বাংলানিউজকে জানান, সকালে মশিউর মোটরসাইকেলে করে পটুয়াখালীর দিক থেকে আমতলীর দিকে আসছিলেন। এ সময় তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা ২ জন মারা যান।
কুমিল্লা: কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক আক্তার হোসেনসহ (২৫) ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্তারের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায়। নিহত অপরজন ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে আলেখারচর বিশ্বরোড এলাকায় ঢাকাগামী একটি ট্রাক যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও ১ যাত্রী মারা যান। এ সময় আহত হন আরও ৩ যাত্রী।
তিনি আরও জানান, খবর পেয়ে ময়নামতি হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি উদ্ধার করেছে।
দিনাজপুর: দিনাজপুরের মোহনপুর ব্রিজের কাছে লক্ষ্মীতলা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক নিহত ও ১৪ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় জনতা বিক্ষুদ্ধ হয়ে প্রায় ২ ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখেন।
নিহত লুৎফর রহমান (৫৬) নাবিল পরিবহনের দুর্ঘটনা কবলিত বাসটির চালক ছিলেন।
আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল বাংলানিউজকে জানান, সকালে ঢাকা থেকে দিনাজপুরগামী নাবিল পরিবহনের একটি বাসের (নম্বর: ঢাকা মেট্রো ব-১৪-৫৬৮৯) সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক মারা যান। এ সময় আহত হন বাসের ১৪ যাত্রী।
এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা সকাল ৭টা থেকে সোয়া ৯টা পর্যন্ত দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
সংশ্লিষ্ট ৩ জেলার পুলিশ কর্মকর্তারা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করেছে।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর