 |
ঢাকা: বৃহস্পতিবারও সারা দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সন্ধ্যার পর সারা দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকাতে সন্ধ্যা সোয়া ছয়টার পর বৃষ্টি শুরু হয়। দুর্ভোগে পড়েন নগরবাসী বিশেষকরে অফিসফেরত মানুষেরা।
আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে হালকা থেকে ভারী অথবা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য মতে, বৃহস্পতিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা, রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোনো কোনো এলাকার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
জানতে চাইলে আবহাওয়া অধিদফতরে কর্তব্যরত আবহাওয়াবিদ আব্দুল আলিম বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
তিনি জানান, কাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলিসিয়াস হতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৪ থেকে ২৬ ডিগ্রি।
এদিকে, বুধবার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে, বরিশালে ১৫৪ সেন্টিমিটার, পটুয়াখালিতে ১০৯ সেমি, মংলাতে ৬৪ সেমি, খুলনাতে ৪৪ সেন্টিমিটার, যশোর ও রাজশাহীতে ২৯ সেমি, সাতক্ষীরাতে ২৮ সেন্টিমিটার, চুয়াডাঙাতে ১২ সেন্টিমিটার।
রাজধানীতের বৃষ্টিপাত সন্ধ্যা ছয়টার পরে শুরু হওয়ায় তার রেকর্ড পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ৬ সেপ্টেম্বর, ২০১২
এসএআর/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর