ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ‘দেশে আজ আইনের শাসন নেই, মানবাধিকার লুণ্ঠিত হচ্ছে।’
শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মজয়ন্তী উপলক্ষে সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদ মুক্ত দেশ গঠনে নজরুলের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ আলোচনা সভা আয়োজন করে।
জেনারেল মাহবুব বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্যের কবি। তিনি অন্যায়ের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করেছেন। আজ আমাদের দেশে যেসব অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু জন্মদিনে নজরুলকে স্মরণ করলেই চলবে না, তার অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে সব অন্যায়ের প্রতিবাদ করতে হবে।’
সংগঠনের সভাপতি মেজর (অব.) এমএম মেহবুব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লে. জেনারেল (অব.) এম মাহবুবুর রহমান, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, এইচএম আব্দুল হালিম, ব্যারিস্টার হায়দার আলী, মামুনার রশিদ খান, আবু নাসের রহমাতুল্লাহ, হুমায়ুন কবীর ব্যাপারী, মো. মনজুর হোসেন প্রমুখ।
আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে ৩টি মানবাধিকার সংস্থা তাদের রিপোর্টে প্রকাশ করেছে, সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যে সরকারের পৃষ্টপোষকতায় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সে সরকার থাকার প্রয়োজন নেই। জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চাই না।’
তিনি আরও বলেন, ‘এ সরকার তাদের নেতাকর্মীদের দুর্নীতি, অবৈধভাবে উপার্জিত সম্পদ রক্ষার জন্য ক্ষমতায় থাকতে চায়। সেজন্য তারা ভিশন-২০২১ ঘোষণা করেছে। তারা ক্ষমতায় থাকতে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়ে দলীয় সরকারের মাধ্যমে নির্বাচন করে আবার ক্ষমতায় আসতে চায়। যা কখনও বাস্তবায়ন করতে দেবে না এ দেশের সাধারণ জনগণ।’
বিএনপি’র এ নেতা বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা দেশে বিদ্যুৎ সমস্যা সমাধানের নামে কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদনের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। আর এসব দুর্নীতি ঢেকে রাখার জন্য তারা দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করছে।’
তিনি বলেন, ‘এখন যারা দুর্নীতি, অন্যায়, নির্যাতন ও অর্থ আত্মসাৎ করছে আমরা ক্ষমতায় এসে তাদের বিচার করবো।’
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ২৬, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর