 |
চবি: শিক্ষার্থীদের সুবিধার্থে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগামী ৫ মে প্রথমবারের মতো চাকরি মেলা অনুষ্ঠিত হবে।
বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জব ফেয়ার কমিটির প্রধান আহ্বায়ক তাজেক আহমেদ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা চাকরি মেলার আয়োজন করেছে।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে তাজেক আহমেদ বলেন, ‘চুয়েটের শিক্ষার্থীদের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানে চাকরি বিষয়ে ধারণা ও উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা চাকরি মেলার আয়োজন করেছে।’
‘আগামী ৫ মে চুয়েট ক্যাম্পাসে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি প্রায় ১২টি প্রতিষ্ঠান অংশ নেবে।’
তিনি বলেন, ‘মেলায় শিক্ষার্থীদের পাশ করার পর বাংলাদেশে চাকরির বাজার এবং বিভিন্ন দিক নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জব ফেয়ার কমিটির সহ-সভাপতি আ জ ম সেলিম, আয়োজক কমিটির সদস্য ফয়সাল হোসেন শামিম ও আয়োজক কমিটির সংশ্লিষ্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘন্টা,এপ্রিল, ২০১২
এমবিএম/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর