চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. সাইয়েন (১৮) নামে মোটর সাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন মো. জাবেদ (১৮) নামে তার এক সহপাঠী।
সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তারা দু’জন রাউজান ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র বলে বাংলানিউজকে জানিয়েছেন রাউজান থানার ওসি মো. আব্বাস উদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১২টার দিকে পাহাড়তলীতে রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটর সাইকেলটি দু’জন আরোহী নিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।
স্থানীয়রা এ ঘটনা দেখতে পেয়ে চালক সাইয়েন ও পেছনে থাকা জাবেদকে মোটর সাইকেলের নিচ থেকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাইয়েনকে মৃত ঘোষণা করেন। আহত জাবেদের অবস্থাও আশঙ্কাজনক বলে সূত্র জানিয়েছে।
রাউজান থানার ওসি জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নিহত সাইয়েন রাউজানের পাহাড়তলী ইউনিয়নের জনৈক সরওয়ার মিয়ার ছেলে বলে ওসি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১২
আরডিজি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর