ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন। চিঠিতে তিনি সরকারের কাছে গ্রামীণ ব্যাংকের অখণ্ডতা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা পররাষ্ট্র্রমন্ত্রী হিলারি ক্লিনটনের চিঠিটি হস্তান্তর করেন। হিলারি বাংলাদেশ সরকার ও জনগণের দেওয়া উষ্ণ অভ্যর্থনার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
চিঠি হস্তান্তরকালে মজিনা বলেন, ``যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপ চুক্তির পরবর্তী ধাপ হিসেবে ওয়াশিংটন ডিসিতে এসংক্রান্ত প্রথম সংলাপটি অনুষ্ঠানের যে প্রস্তুতি চলছে সে বিষয়ে মার্কির পররাষ্ট্রমন্ত্রী তার সন্তুষ্টি প্রকাশ করেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের আগামী অধিবেশনের শেষভাগে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।``
চিঠিতে মর্কিন পররাষ্ট্রমন্ত্রী গ্রামীণ ব্যাংক এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটি এর ৮০ লাখেরও বেশি সদস্যের, বিশেষ করে নারীদের জীবনে যে প্রত্যাশার জন্ম দিয়েছে সে সম্পর্কে তার উচ্চ ধারণার কথা জানান।
চিঠিতে হিলারি আশা প্রকাশ করেন, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের একটি কার্যকর হাতিয়ার হিসেবে সৃজনশীল সুশাসন এবং মালিকানা কাঠামোসহ ব্যাংকটির অখণ্ডতা টিকিয়ে রাখার নিশ্চয়তা দিতে বাংলাদেশ সরকার সচেষ্ট হবে।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জুন ০৬, ২০১২
কেজেড/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
Jewel_mazhar@yahoo.com