 |
ঢাকা: চলতি মাসে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন বাংলাদেশ সফরে আসছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস।
রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ সফররত মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী উ মং মিন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
তিনি আরও বলেন, মিয়ানমারের প্রেসিডেন্ট আগামী ১৫ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু মিয়ানমারে রাখাইন প্রদেশে সম্প্রতি দাঙ্গা সংঘটিত হওয়ায় সেখানে জরুরি অবস্থা জারি রয়েছে। এ কারণে প্রেসিডেন্ট কোনো দেশে ভ্রমণ করতে যাবেন না বলে জানিয়েছেন।
প্রেসিডেন্ট রমজানের পরে বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন মিজারুল কায়েস।
বৈঠকে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে সড়ক, বিমান ও নৌপথ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।
সড়কের বিষয়ে বলেন, বাংলাদেশে ভেতরে ২৩ কিলোমিটার ও মিয়ানমারে ভেতরে ১০৫ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হলে দুই দেশের যোগাযোগ অবস্থা ভালো হবে।
প্লেন যোগাযোগের বিষয়ে তিনি বলেন, শুধু সরকারি নয়, বেসরকারি কোম্পানির মাধ্যমেও দুই দেশের মধ্যে প্লেন চলাচল ব্যবস্থা নেওয়া হবে। প্রাইভেট কোম্পানির মাধ্যমে আকাশপথে চলাচল করলে দুই দেশের মধ্যে যাতায়াত ব্যবস্থা আরামদায়ক হবে।
বৈঠকে মিয়ানমার থেকে গ্যাস, বিদ্যুৎ ও জলবিদ্যুৎ আনার বিষয়েও আলোচনা হয়েছে। মিয়ানমারের জমি লিজ নিয়ে বাংলাদেশের চাষাবাদ করার বিষয়ে ও আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন মিজারুল কায়েস।
পররাষ্ট্র সচিব এ-ও জানান, গত ২২ জুন নাসাকা প্রধান ও বিজিবি প্রধানের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। মিয়ানমারে জরুরি অবস্থা জারির কারণে নাসাকা প্রধানও বাংলাদশে আসতে পারেননি।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
কে জেড/ সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর/আহমেদ জুয়েল ও রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর