 |
লন্ডন: ইংল্যান্ডের বিপক্ষে আর খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান মার্ক বাউচার। ফিল্ডিংয়ের সময় চোখে বেলের আঘাতে মারাত্মক ভাবে যখম হন বাউচার। পরে চোখে অস্ত্রোপচারও করাতে হয়। আঘাত এতটাই গুরুতর প্রোটিয়াস উইকেটরক্ষকের ক্যারিয়ারই হুমকির মুখে পড়েছে।
সোমবার ইংলিশ কাউন্টি ক্লাব সমারসেটের বিপক্ষে প্রস্ততি ম্যাচে চোখের মণিতে আঘাত পান বাউচার। সমারসেট ইনিংসের ৪৬তম ওভারে স্পিনার ইমরান তাহিরের একটি গুগলি থেকে বল স্ট্যাম্পে আঘাত হানায় বেল ছিটকে গিয়ে বাউচারের বাঁচোখের মণিতে আঘাত করে। ক্যাপ পরেই কিপিং করছিলেন বাউচার। আঘাতে রক্তক্ষরণ শুরু হলে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। অক্ষিগোলক মেরামতে জরুরী ভিত্তিতে সার্জনের ছুরির নিচে যেতে হয় তাকে।
দক্ষিণ আফ্রিকা ম্যানেজার মোহাম্মদ মুসাজি ইএসসিএনক্রিকইনফোকে বলেন,‘চোখের আঘাতকে গুরুতর হিসেবেই বিবেচনা করা হচ্ছে। অপারেশনে তার চোখের মণি মেরামত করা হয়েছে। নিশ্চিতভাবেই এই সিরিজে খেলা হচ্ছে না বাউচারের এবং ভ্রমন উপযোগী হওয়া মাত্রই তাকে দেশে ফেরত পাঠানো হবে। বাউচারের পরিবর্তে কে খেলবেন শিগগিরই তা জানিয়ে দেবেন নির্বাচকরা।’
এই আঘাত বাউচারের ক্যারিয়ারের ইতি ঘটাবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ইংল্যান্ড সফর শেষেই অবসরের ঘোষণা দিয়েছিলেন রেকর্ড ৯৯৯টি উইকেট ভেঙ্গে দেওয়া এই কিপার। ১৪৭ টেস্টে ৫৫৫টি উইকেট ভেঙ্গেছেন ৩৫ বছরের এই উইকেটরক্ষক।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস