 |
সম্প্রতি বেড়াতে গিয়ে এক মায়াবিনী নারীর ফাঁদে পা দিলেন অভিনেতা শাহরিয়ার শুভ। না, এটি কোন বাস্তব ঘটনা নয়। ‘মায়া’ নামের এক ঘণ্টার নাটকের কাহিনী এটা।
এটিএনের জন্য নির্মিত এ নাটকটিতে একজন ইতিহাস সন্ধানী যুবক এবং তথ্যচিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করেছেন শুভ।
এ নাটকে নিজের চরিত্র নিয়ে শুভ বাংলানিউজকে বলেন, ‘নাটকে দেখা যাবে আমি দেশ ঘুরে ঘুরে নানান পুরাকীর্তি আর ঐতিহাসিক স্থান নিয়ে তথ্যচিত্র তৈরি করি। এটাই আমার নেশা। আর এই কাজে আমাকে সাহায্য করে পাড়ার ছোট ভাই নোমান। হঠাৎ একদিন নোমানের এক পরিচিত বড় ভাইয়ের কর্মস্থলে একটি পুরোনো জমিদার বাড়ির খবর পেয়ে সেখানে বেড়াতে যাই আমরা। উদ্দেশ্য থাকে বেড়ানোর পাশাপাশি পুরোনো বাড়িটি নিয়ে তথ্যচিত্র নির্মাণ করব। ‘আয়না মহল’ নামে ওই জমিদার বাড়ির সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওখানেই রাত্রিযাপন করি আমরা। আর সে রাতেই আমি পা দেই এক মায়াবিনীর মায়ায়।
রাত শেষ না হতেই মিষ্টি গলার একটি মেয়ে গান গাইতে থাকে। শুভ বের হয়ে তাকে খুঁজতে থাকে। সে গানের সুর বশ করে তাকে। দিনের আলোতেও আমি ওই মায়াবিনী আর তার গানের মায়া থেকে বের হয়ে আসতে পারি না। এভাবেই এগিয়ে যেতে থাকে গল্প। একপর্যায়ে বেরিয়ে আসে প্রকৃত ঘটনা।
দুয়ের মাঝামাঝি মারাত্মক ঘোর লাগানো প্রেম এবং প্রতিহিংসার প্রশ্নবোধক এক গল্প নিয়েই তৈরি করা হয়েছে নাটক ‘মায়া’।
মেহেদী খান জেহাদের ভাবনা ও পরিচালনায় নাটকের চিত্রনাট্য তৈরি করেছেন এম কে এইচ ফুয়াদ। এখানে শাহরিয়ার শুভ ছাড়া আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ফুয়াদ, ফারহানা ইভা, শাকিল, লীনা ফেরদৌসী প্রমুখ ।
নাটকটি বৃহস্পতিবার রাত ১১টায় এটিএন বাংলায় প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১২
এজে