বলিউড ছেড়ে এবার হলিউড ফিল্ম প্রডাকশনে নেমেছে বলিউডের নামকরা প্রডাকশন হাউজ ইয়াশ রাজ ফিল্ম এন্টারটেইনমেন্ট। এ প্রডাকশন হাউজের ব্যানার নির্মিত হওয়া নতুন হলিউড ছবিতে অভিনয় করছেন হলিউডের অভিনেত্রী নিকোল কিডম্যান। ইয়াশ রাজ ফিল্ম এন্টারটেইনমেন্টের সিইও উদয় চোপড়া সম্প্রতি এ খবরের আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছেন।
হলিউড প্রযোজক পিয়ার এঞ্জ লি পোগাম ও ইয়াস রাজ ফিল্ম এন্টারটেইনমেন্ট যৌথভাবে ‘গ্রেস অফ মোনাকো’ ছবিটি প্রযোজনা করবে। ছবিটির পরিচালনায় থাকছে ’লা ভি এন রোজ’ খ্যাত পরিচালক অলিভার দাহান। কাহিনী লিখেছেন আরাশ আমেল। ছবিটি ফ্রাান্সের মোনাকোর প্রিন্সেস গ্রেসের কাহিনী নিয়ে তৈরি হয়েছে। যার নাম ভূমিকায় অভিনয় করবেন নিকোল কিডম্যান। ইয়াস রাজ ফিল্ম ইন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ছবির প্রযোজনায় থাকছেন প্রডাকশন হাউজের ডেভেলপমেন্ট হেড জোনাথান রেইমান।
এর আগেও ইয়াশ রাজ ফিল্ম এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে ইংরেজি ভাষার ছবি ‘বেভারলি হিলস’। এ ছবিটি যুক্তরাষ্ট্রে ও গ্লোবাল মার্কেটে বেশ প্রশংসিত হয়েছে। এরপরই উদয় চোপড়া ও পিয়ার-এঞ্জ লি পোগাম ‘গ্রেস অফ মোনাকো’ ছবিটি নিয়ে একসঙ্গে কাজ করার আগ্রহী হয়ে উঠে। এ বিষয়ে উদয় চোপড়া বলেন, মেধা ও ইন্দ্রিয়ের গ্রাহ্যতার অসম্ভব সুন্দর সমন্বয় ঘটেছে ‘গ্রেস অফ মোনাকো’ ছবিতে। ইয়াস রাজ ফিল্ম এন্টারটেইনমেন্ট এর একটি অংশ হতে পেরে গর্ববোধ করছে।
অন্যদিকে লি পোগামও এ ছবির বিষয়ে বলেন, ছবির স্ক্রিপ্টটি পড়েই খুব ভালো লেগেছে। ঠিক করলাম কাহিনী নিয়ে ভালো একটি ছবি বানানো যায়। কাহিনীকে আরও প্রানবন্ত করে উপস্থাপনের জন্যে পরিচালক অলিভার দাহানের বিকল্প কাউকে মাথায় এলো না। এরপর অলিভার ও আমি নিকোল কিডম্যানের সঙ্গে দেখা করি। প্রথম দেখাতেই মনে হয়েছে গ্রেস প্রিন্সেসের চরিত্রে পারফেক্ট মুখ নিকোল কিডম্যান। এরপর উদয় চোপড়ার সঙ্গে কথা বলে একসঙ্গে প্রযোজনার বিষযে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ছবির সবকিছু ঠিক করে ফেলি। ইয়াস রাজ ফিল্মের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা ভালোই হবে আশা করি।
এটাই প্রথম নয়, ইয়াশ রাজের এ প্রডাকশন হাউজটি পিটার গ্ল্যানজের উপর নির্মিত নতুন কমেডিয়ান ছবি ‘দ্য লঙ্গেস্ট উইক’-এর পোস্ট প্রডাকশনের কাজও করছে। এ ছবিতে অভিনয় করেছেন জ্যাসন বেটমেন ও অলিভিয়া ওয়াইল্ড।
বাংলাদেশ সময় ১৪২০, মে ১৯,২০১২ সম্পাদনা : অনন্যা আশরাফ, নিউজরুম এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।