 |
ঢাকা: লন্ডন অলিম্পিকের উদ্বোধনী দিনে বাছাইপর্বেই বাদ পড়েন শ্যুটার শারমিন আক্তার রত্না। এরপর বাংলাদেশ দলের আশার প্রতীক হয়ে ছিলেন জিমন্যাস্ট সাইক সিজার। কিন্তু চোটের কারণে তিনিও বাছাইপর্বে বিদায় নেন। শনিবার রাতে বাছাইপর্বের চারটি ইভেন্টের দুটিতে অংশ নিতে পারেননি সাইক।
যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভুত জিমন্যাস্ট সাইক সিজার চোটে না পড়লে হয়ত বাছাইর্পব পেরোনোর প্রত্যাশা ছিলো। জিমন্যাস্টিকসের চারটি ইভেন্টের মধ্যে ফোর এক্সারসাইজ ও প্যালালাল বারে অংশ নিলেও চোটের কারণে পোমেল হর্স ও রোমান রিং ইভেন্ট দুইটি শেষ না করেই ফোর ত্যাগ করেন সাইক।
এই বিষয়ে জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুল হক বাবলু বলেন, ‘লন্ডন থেকে
মুঠোফোনে যা জেনেছি তা হলো, সাইক ফোর এক্সারসাইজের পর প্যারালাল বারসে প্রতিদ্বন্দ্বিতারত
অবস্থায় ইনজুরড হন। যে কারণে পোমেল হর্স ও রোমান রিংয়ে অংশ নিতে পারেননি।’
এক প্রশ্নের জবাবে বাবলু জানান, সাইক লন্ডন অলিম্পিকে তার প্রতিপক্ষদের মধ্যে ফোর এক্সারসাইজ ইভেন্টে সর্বোচ্চ ১৪.৭৩ পয়েন্ট স্কোর করেছিলেন। এটি ছিলো তার ক্যারিয়ার সেরা স্কোর। কিন্তু প্যারালাল বারসে গিয়ে তিনি হাতের তালুতে ব্যথা অনুভব করতে থাকেন। তা স্বত্বেও ইভেন্ট সম্পন্ন করেন। যদিও তার সেরা পারফরম্যান্স ১৫.০৫ স্কোর তুলতে পারেননি। করেছেন ১৪.০৮ স্কোর। এরপরও বাছাইপর্ব উতরিয়ে যাবার সম্ভাবনা ছিলো। কিন্তু মারাত্বক চোটের কারণে পোমেল হর্স ও রোমান রিংয়ে অংশ নিতে না পারায় অলিম্পিক থেকে তাকে বিদায় নিতে হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর