ঢাকা: লন্ডন অলিম্পিকে পাঁচটি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলাদেশ। চারটি ডিসিপ্লিন এরই মধ্যে শেষ হয়েছে। বাংলাদেশের পঞ্চম ও শেষ ডিসিপ্লিনে শনিবার ট্র্যাকে নামছেন স্প্রিন্টার মোহন খান।
এরই মধ্যে শ্যুটার শারমিন আক্তার রত্না, আর্চার ইমদাদুল হক মিলন, জিমন্যাস্ট সাইক সিজার ও সাঁতারু মাহফিজার রহমান সাগর প্রত্যেকেই বাছাইপর্বে বাদ পড়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। শুক্রবার অলিম্পিকের ট্র্যাক এন্ড ফিল্ডের খেলা শুরু হয়ে গেছে। শনিবার ১০০ মিটার স্প্রিন্টের হিটে অংশ নেবেন বাংলাদেশের দ্রুততম মানব মোহন খান।
২০১১ সালে জাতীয় অ্যাথলেটিক্স মিটে অংশ নিয়েই চমক দেখান বিমানবাহিনীর অ্যাথলেট মোহন খান। ১০০ মিটার ইভেন্টে ১০.৫৪ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবের খেতাব জেতেন তিনি। এটাই তার ক্যারিয়ার সেরা টাইমিং। এবছর দ্রততম মানবের খেতাবটা অক্ষুণœ থাকলেও টাইমিংটা ভালো ছিলো না। আগের বারের চেয়ে .০৬ সেকেন্ড বেশি।
লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগের আগে অলিম্পিক প্রত্যাশা সম্পর্কে মোহন খান বলেন, ‘হিটে বাদ পড়ে ফিরে আসার লজ্জায় পড়তে চাই না। বাছাইপর্ব উতরে যেতে চাই। উসাইন বোল্ট আমার খুব প্রিয় অ্যাথলেট। তার সঙ্গেই আমি দৌঁড়াতে চাই। এটা আমার স্বপ্ন।’
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর