 |
ঢাকা: সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহী বিরোধী অভিযান চালিয়েছে বাশার অনুগত সেনারা। বুধবারের এ অভিযানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার কর্মীরা।
নগরী থেকে সশস্ত্র সন্ত্রাসীদের নির্মূলের উদ্দেশ্যেই এ অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছে সিরীয় কর্তৃপক্ষ। তবে সংবাদমাধ্যম জানিয়েছে সেনাদের হত্যাকাণ্ডের শিকার হয়েছে মূলত নিরাপরাধ নাগরিকরা।
প্রত্যক্ষদর্শী ও সরকার বিরোধী কর্মীদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম জানায় সরকারি সেনারা দামেস্কের বাড়িতে বাড়িতে গিয়ে বাসিন্দাদের পরিচয় পত্র দেখতে চায়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের তারা তাৎক্ষণিকভাবে গুলি করে হত্যা করে।
তবে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক বিদ্রোহী সরকারি বাহিনীর অভিযানে নিহত হয়েছে।
এদিকে সিরিয়ার অন্যতম প্রধান নগরী ও বাণিজ্যিক কেন্দ্র আলেপ্পোতে উভয় পক্ষের লড়াই এখনও অব্যাহত আছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। উভয় পক্ষই একে অপরের ওপর হামলা পাল্টা হামলা চালানোর দাবি করেছে।
বিদ্রোহীরা দাবি করেছে তারা বৃহস্পতিবার আলেপ্পোর নিকটবর্তী বিমান বন্দরে হামলা চালিয়েছে। সরকারি বাহিনীর থেকে দখল করে নেওয়া ট্যাংক থেকে আলেপ্পোর উত্তরে অবস্থিত মিনাগ বিমান ঘাঁটিতে গোলা নিক্ষেপ করে বিদ্রোহীরা।
আলেপ্পো থেকে ৫০ কিলোমিটার দূরে সিরিয়া-তুর্কি সীমান্ত থেকেও লড়াইয়ের খবর পাওয়া গেছে। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিনিধি আলেপ্পো থেকে জানিয়েছেন বিদ্রোহীরা তুর্কি সীমান্ত থেকে আলেপ্পো নগরী পর্যন্ত একটি মুক্তাঞ্চল স্থাপনে সক্ষম হয়েছে। বিদ্রোহীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আলেপ্পোর উত্তরাঞ্চল থেকে তুর্কি সীমান্ত পর্যন্ত এ মুক্তাঞ্চল অবস্থিত। এর ফলে বাশার আল আসাদ সরকার দেশের ভেতর ব্যাপক চাপের সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে বিদ্রোহীরা আলেপ্পোতে বেশ কয়েকজন বাশার অনুগত মিলিশিয়া সদস্যকে হত্যা করেছে বলে এক ভিডিও চিত্রে দেখা গেছে। বিদ্রোহীদের হাতে ধরা পড়া এ সব ব্যক্তিকে খুব কাছে থেকে গুলি করে হত্যা করা হয় বলে ভিডিওতে দেখা যায়।
এদিকে এ হত্যাকা-ের নিন্দা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এ ধরণের ঘটনা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলেও সর্তক করে দেয় তারা। সিরিয়ার সরকার বিরোধীদের রাজনৈতিক প্লাটফর্ম সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলও এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে।
পাশাপাশি বুধবার জর্দানি সেনাদের ওপর সিরীয় সেনারা গুলি চালিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। এতে বেশ কয়েকজন আহত হয়। জর্দানি সেনারা শরণার্থীদের সীমান্ত পার করানোর সময় সিরীয় সেনারা তাদের ওপর গুলি চালায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার যুক্তরাজ্য সফর করছেন। ধারণা করা হচ্ছে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে সিরিয়া সঙ্কট নিয়ে কথা বলবেন।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর