ঢাকা: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদ পেতে তুর্কমেনিস্তানের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ। তুর্কমেনিস্তান সফররত পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী রাশিদ মেরেদোভের সঙ্গে সাক্ষাতে এ সহযোগিতা চান।
ওআইসি দেশগুলোতে শরণার্থী বিষয়ক সম্মেলনে অংশ নিতে দীপু মনি তুর্কমেনিস্তানের আশঘাবাদে রয়েছেন।
সম্মেলনের সাইডলাইনে তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালীন বৈঠকে দীপু মনি বাংলাদেশ ও তুর্কমেনিস্তানের মধ্যে তুলা আমদানির একটি সমঝোতা স্মারক দ্রুত সইয়ের তাগিদ দেন।
দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় করতে নিয়মিত কূটনৈতিক পর্যায়ে বৈঠকের ওপর তারা গুরুত্ব দেন।
পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জ্বালানিখাতে তুর্কমেনিস্তানের সহযোগিতাও কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ১২, ২০১২
একেআর/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর