 |
ঢাকা: ‘ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইটে সেন্টমার্টিন্সের মিথ্যা ছবি’ শিরোনামে বাংলানিউজ বৃহস্পতিবার দুপুরে একটি প্রতিবেদন প্রকাশ করে। এই সংবাদ প্রকাশের দুই ঘণ্টার মধ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ডিজিটাল অ্যাকশন নেয়। যার ফলশ্রুতিতে বোর্ডের নতুন ওয়েবসাইটে আসল সেন্টমার্টিন্সের ছবি স্থান পেয়েছে।
সংবাদটি প্রকাশিত হওয়ার পর ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আকতারুজ্জামান কবির দ্রুত ব্যবস্থা নেন।
ট্যুরিজম বোর্ডের নতুন ওয়েবসাইটে সেন্টমার্টিন্সের ছবির স্থানে ক্যারিবিয়ান অঞ্চলের সেন্টমার্টিন দ্বীপের ছবি দেওয়া হয়েছিল। বাংলানিউজ ছবিটি নিয়ে যাচাই বাছাই করে দেখে, সেন্টমার্টিনের বর্ণনা দিয়ে যে ছবিটি দেওয়া হয়েছে তা কোনোভাবেই সেখানকার নয়।
এরপর এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেন বোর্ডের প্রধান নির্বাহী। বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছিলেন, বিষয়টি তিনি দেখছেন। এর ঘণ্টা দু’য়েকের মধ্যেই সেন্টমার্টিন্সের প্রকৃত ছবি দেওয়া হয়। ওয়েবসাইটের ওই স্থানে সেন্টমার্টিন্সের উপকূলের ছবি দেওয়া হয়েছে। ছবিতে উপকূল ছাড়াও সাগর, নৌকা এবং আকাশ দেখা যাচ্ছে।
গত ১ জুলাই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান ঘটা করে ট্যুরিজম বোর্ডের নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন। মন্ত্রণালয়ে ওয়েবসাইট উদ্বোধনের সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, পর্যটন সচিব আতাহারুল ইসলাম, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামানসহ দেশের পর্যটন বিষয়ে সব কর্তাব্যক্তিরাই উপস্থিত ছিলেন।
ওই ছবিতে দেখানো হয়েছিল, সেন্টমার্টিন্সের স্বচ্ছ পানি আর বালুকাময় তীরের অদূরেই সবুজ পাহাড়। বিষয়টি যাচাই করতে টেকনাফে বাংলাদেশ পর্যটন করপোরেশনের ম্যানেজার হিসেবে কর্মরত দুই কর্মকর্তা ও একজন ট্যুরিজম বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করে বাংলানিউজ। বর্তমানে ওই দুই কর্মকর্তা পর্যটন করপোরেশনের ঢাকা অফিসে কর্মরত।
তারা দু’জন নাম না প্রকাশের শর্তে বাংলানিউজকে জানিয়েছিলেন, টেকনাফে থাকার কারণে বহুবার তাদের সেন্টমার্টিন্সে যেতে হয়েছে। তাই ওখানকার সব জায়গাই তাদের পরিচিত। তিনি জানান, সেন্টমার্টিনের যে স্থান থেকে ছবিটি নেওয়া হয়েছে, সেখান থেকে মিয়ানমারের আরাকান পাহাড়ের ছবি কোনোভাবেই আসবে না। অথচ ওয়েবসাইটের ছবিটিতে পাহাড়ের ছবি খুবই স্পষ্ট।
পর্যটন করপোরেশনের ওই দুই কর্মকর্তা বাংলানিউজকে আরো বলেন, সেন্টমার্টিনের পানি পরিস্কার। তবে ছবিতে যতটা পরিস্কার দেখাচ্ছে ততটা নয়। এত পরিস্কার পানি মরিশাস অথবা ক্যারিবীয় সাগরের উপকূলে দেখা যায়।
পাঠকদের জন্য ট্যুরিজম বোর্ডের নতুন ওয়েবসাইটের ঠিকানা (www.tourismboard.gov.bd ) দেওয়া হলো। http://www.best-beaches.com/caribbean/st-martin এই ওয়েবসাইট থেকে সেন্টমার্টিন্সের আগের ছবিটি নেওয়া হয়েছিল। এটি আসলে ছিল ক্যারিবিয়ান সেন্টমার্টিনের ছবি।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
আইএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর