 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: গ্রামীণফোন প্রিমিয়ার লিগে ফরাশগঞ্জের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট পেয়ে অবনমন বাঁচানোর স্বপ্ন দেখছে আরামবাগ ক্রীড়া সংঘ। অবনমনের আশঙ্কায় থাকা দলটি শনিবার ২-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগকে স্বস্তি এনে দিয়েছেন দুই নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলে ও উজুমেফান জোয়েল। ৩২ মিনিটে গোলরক্ষক সামিউল ইসলাম মাসুমের ভুলে গোল খায় ফরাশগঞ্জ। নাইজেরিয়ান ফরোয়ার্ড বেঞ্জামিন কুপারের শট মাসুসের গ্লাভস ফসকে বেড়িয়ে গেলে টোকা দিয়েই বল জালে জড়ান পোস্টের সামনে থাকা কিংসলে।
বিরতির আগমুহূর্তে বক্সের বাইরে থেকে নেওয়া দর্শনীয় শটে নিশানাভেদ করে আরামবাগকে ২-০ গোলে এগিয়ে দেন। বাকি সময়ে কোনো পক্ষই ব্যবধানে হেরফের ঘটাতে পারেনি।
এ জয়ে ১৬ ম্যাচে আরামবাগের সংগ্রহ ১৩ পয়েন্ট। তালিকায় দশমস্থানে রয়েছে তারা। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তালিকায় সপ্তমস্থানে ফরাশগঞ্জ।
এদিকে ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে নাইজেরিয়ান ফরোয়ার্ড আবাকপোড়ো রোন্যাল্ডের করা হ্যাট্রিকে স্বাগতিক ফেনী সকার ক্লাব ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রহমতগঞ্জ এমএফএসকে। ৩০ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল আদায়ের পর ৮০ মিনিটে দ্বিতীয় ও ইনজুরি সময়ে হ্যাট্রিক গোল আদায় করেন রোন্যাল্ড। ৫০ মিনিটে সকার ডিফেন্ডার মোস্তফা কাবা এবং ৮৩ মিনিটে রহমতগঞ্জের নিচে ফ্রান্সিস লাল কার্ড পাওয়ায় উভয় পক্ষই ১০ জনের দলে পরিণত হয়।
এ জয়ে ১৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকায় অষ্টমস্থানে ফেনী সকার। অপরদিকে সমান ম্যাচে নয় পয়েন্ট নিয়ে অবনমন প্রায় নিশ্চিত রহমতগঞ্জের।
এছাড়া টাঙ্গাইলে স্বাগতিক টিম বিজেএমসি ও মোহামেডানের ম্যাচে প্রথমার্ধে গোল পায়নি কোনো পক্ষই। ৪৭ মিনিটে গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরার গোলে ১-০ তে এগিয়ে যায় বিজেএমসি। ৫৮ মিনিটে বেনিনের মিডফিল্ডার ওকালাওনের গোলে সমতা ফেরায় সফরকারীরা। ৬৬ মিনিটে ইসমাইল বাঙ্গুরা গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু ১১ মিনিট পর মোহামেডানকে আবারও সমতায় ফেরান ওকালাওন।
১৭ ম্যাচে ২৮ পয়েন্ট পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয়স্থান ধরে রেখেছে বিজেএমসি। অপর দিকে সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানেই মোহামেডান।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জুন ০৯, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর