 |
রিয়াদ: বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরব। এখানে প্রায় ২৫ লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত। এখানকার বাংলাদেশিরা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছেন প্রতিনিয়ত। তাদেরই একজন ঢাকার নবাবগঞ্জের ওয়াহিদুর রহমান খান মাসুম।
গত ১০ ডিসেম্বর সৌদি আরবে পরিচালনাধীন বিশ্বের সর্ববৃহৎ তেল কোম্পানি আরামকো বাংলাদেশি ওয়াহিদুর রহমান খান মাসুমকে একজন শ্রেষ্ঠ কর্মী হিসেবে পুরস্কৃত করেছ। সৌদি আরবে আরামকো’র আল খুরাইস প্রজেক্ট এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কোম্পানি ম্যানেজার আব্দুল মহসিন মুখাইলিদ তার হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। কোম্পানি সূত্রে জানা গেছে, ২০০৯সাল থেকে মাসুম ওই কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসাবে সততা, দক্ষতা এবং আন্তরিকতার সাথে কাজ করে আসছেন।
পুরস্কার প্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাসুম বাংলানিউজকে বলেন, এই পুরস্কার আমার তথা সকল প্রবাসী বাংলাদেশিদের জন্য বিরাট পাওয়া। তিনি আরো বলেন, সাম্প্রতিক ছোটখাট কিছু ঘটনায় যখন সৌদি আরবে বাংলাদেশিরা ইমেজ সংকটে ভুগছেন সেসময়ে এ ধরনের পুরস্কার বাংলাদেশিদের জন্য সত্যি আনন্দের।
মাসুম তার সাফল্য ধরে রাখার জন্য সবার দোয়া চান।
ওয়াহিদুর রহমান মাসুম বিগত ১৫বছর যাবত সৌদি আরবে আছেন। তিনি ঢাকার নবাবগঞ্জ জেলার আগলা ইউনিয়নের উত্তর চৌকিঘাটা গ্রামের আহমদ আলী খান এবং রাহিমা খাতুনের দ্বিতীয় ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০১২
একে