 |
ঢাকা: ঈদ-উল-ফিতরের ছুটিশেষে বুধবার বাংলাদেশ ব্যাংকসহ তফসিলি ব্যাংকগুলোতে যথারীতি কার্যক্রম শুরু হয়েছে। তবে কর্মচাঞ্চল্য শুরু হয়নি।
গত মঙ্গলবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি শুরু হয়।
সরেজমিনে মতিঝিল ব্যাংকপাড়া, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকার ব্যাংকের শাখাগুলো ঘুরে দেখা গেছে, সকাল ১০টায় যথারীতি অফিস খোলা হয়। তবে কর্মীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। আর যারা এসেছেন, তারাও নিজেদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় ও খোশগল্পে সময় পার করছেন।
অন্যদিকে বুধবার ব্যাংকগুলোতে গ্রাহকদের উপস্থিতি তেমন নজরে পড়েনি। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ ব্যাংকে যাচ্ছেন না।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, সকাল ১০টা থেকেই বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম শুরু হয়। গভর্নর ড. আতিউর রহমানসহ ডেপুটি গভর্নররা ও নির্বাহী পরিচালকরা যথাসময়ে অফিসে আসেন। তবে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি একটু কম। অনেকেই ঐচ্ছিক ছুটিতে আছেন বলে তিনি জানান।
সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক প্রদীপ কুমার বাংলানিউজকে বলেন, ‘আমরা যথাসময়ে অফিস খুলেছি। তবে গ্রাহকদের উপস্থিতি কম। দু’একদিন এমনই যাবে’।
আগামী সপ্তাহের শুরু থেকে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি জমে উঠবে বলে তিনি জানান।
এদিকে ছুটির আমেজ না কাটায় মতিঝিল ব্যাংকপাড়ার চিরাচরিত দৃশ্যও নেই। যানবাহনের দীর্ঘ সারি, যানজট ও মানুষের ব্যস্ত ছোটছুটির বদলে অনেকটা নীরব পরিবেশ বিরাজ করছে সেখানে।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১২
এসএ / সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর