চট্টগ্রাম: চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন বিনা লাইসেন্সে ঘি তৈরি ও বাজারজাত করায় এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও সিটি কর্পোরেশন পরিচালিত যৌথ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবদিন এ জরিমানা করেন ।
এসময় অন্যদের মধ্যে বিএসটিআই’র সহকারি পরিচালক কে এম হানিফসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবদিন বাংলানিউজকে জানান, “বিনা লাইসেন্সে ঘি তৈরি ও বাজারজাত করার অপরাধে গুলজার ফুড প্রোডাকস নামে একটি ফ্যাক্টরিকে বিশুদ্ধ খাদ্য আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।”
তিনি বলেন, ‘ভেজিটেবল ওয়েলের লাইসেন্স নিয়ে ওই প্রতিষ্ঠানে ঘি, সসসহ বিভিন্ন ভেজাল খাদ্য পণ্য তৈরি এবং বাজারজাত করায় প্রতিষ্ঠনটিকে সিলগালা করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
এমবিএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর