মুন্সীগঞ্জ: সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশ এর সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, পদ্মা সেতুর কেলেঙ্কারিতে সারাবিশ্বে তোলপাড় শুরু হয়েছে। অথচ প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ ওই মন্ত্রীকে নিয়ে সাফাই গাইছেন।
শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ জেলার দেউলভোগ গ্রামে শ্রীনগর উপজেলা যুবধারার সাধারণ সম্পাদক মোস্তফা জামানের বাবা শেখ হানিফের ৮ম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারের এক গুয়েমির কারণে দেশে আবারও ১/১১ এর মতো অনির্বাচিত সরকারের আবির্ভাব হতে পারে। জনগণের স্বার্থে অবশ্যই দুই নেত্রীকে দেশের এক টেবিলে বসতে হবে।
বিদ্যুৎখাতে লুটপাট, দ্রব্যমূল্যের আঁকাশছোয়া দামের অভিযোগ এনে তা থেকে মুক্তি পেতে এবং সব গণবিরোধী কার্যকলাপ বন্ধ করতে সরকারের শুভ বুদ্ধির জন্য রমজানে দেশবাসীকে আল্লাহর কাছে ফরিয়াদ করার আহবান জানান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মোস্তফা জামান, আশরাফ হোসেন, মাজহারুল ইসলাম, জাহাঙ্গীর আলম নিশি, জানে আলম, আনোয়ার হোসেন, স্বপন খান, আব্দুল হাই প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১২
সম্পাদনা: ফরহাদ খান