খুলনা: একাদশ নিয়ে একটা রহস্য শেষ বিকেল পর্যন্ত থেকেই গেলো। যদিও সেই মধ্যদুপুরের টিম মিটিংয়ে ঠিক হয়ে গেছে প্রথম ওয়ানডেতে কোন ১১ জন খেলবেন। কিন্তু কেন এই রহস্যের চাদর তাও বুঝতে বাকি থাকলো না। এই ম্যাচে চারজনের অভিষেক হতে পারে। সেজন্যই একটু গোপনীয়তা।
যদিও শুক্রবার সকাল পর্যন্ত একাদশ জানার জন্য অপেক্ষা করতে হয়নি। এক কান দুই কান করে শেষপর্যন্ত তা জানাজানি হয়ে গেছে। তারপরেও সম্ভাবনার বৃত্তে রেখেই একাদশ লিখতে হয়। এর কারণ, যে কোন পরিস্থিতিতে সিদ্ধান্ত বদলেও যেতে পারে। তবে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে আনামুল হক, মমিনুল হক, সোহাগ গাজী এবং আবুল হাসানের। তাদের মধ্যে অফ স্পিনার সোহাগ এবং পেসার হাসানের টেস্ট অভিষেক হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ক্যারিবীয় একাদশের বেশিরভাগ ক্রিকেটার তাদের কাছে এখন পরিচিত। আনামুল টি-টোয়েন্টি খেলে এসেছেন জিম্বাবুয়েতে। সেটা আনঅফিসিয়াল সিরিজ ছিলো। সেজন্য মমিনুলের মতো আনামুলও আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম।
আর সেটা হলে ১৯৯৫ সালের পর একসঙ্গে এত বেশি ক্রিকেটারের ওয়ানডে অভিষেক হবে। ১৭ বছর আগে শারজাহ এশিয়া কাপে একসঙ্গে পাঁচ জনের ওয়ানডে অভিষেক হয়েছিলো বাংলাদেশ দলে। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ওই ম্যাচে আনিসুর রহমান, জাভেদ ওমর, মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ পাইলট ও সাজ্জাদ আহমেদ শিপন খেলেছিলেন।
মুশফিকুর রহিম সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্লো উইকেটে খেলা হবে। যেখানে স্পিনারদের জন্য কিছু সুবিধাও থাকবে। আর বাংলাদেশ দলের মূল শক্তিও স্পিনে। ফিল্ডিংয়ে নতুন নিয়মকে অত পাত্তা না দিয়ে বাংলাদেশ যে স্পিনে প্রাধান্য দিয়ে একাদশ সাজাবে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। সাকিব না থাকায় দু’জন স্পিনার অভিজ্ঞ আব্দুর রাজ্জাক এবং সোহাগ গাজীকে খেলানোর পরিকল্পনা আছে।
ওয়ানডে ক্রিকেটের নতুন নিয়মে যতই বলা হোক স্পিনারদের মেরে চিড়া চ্যাপ্টা করে দিবেন ব্যাটসম্যানরা, শেষপর্যন্ত সেটা কার্যকর নাও হতে পারে। ওভারে দুই বাউন্সার দেওয়ার নিয়ম রাখলেও পেসাররা প্রত্যাশিত সুবিধা নাও পেতে পারেন। সেজন্য বাংলাদেশ দুই পেসার নিয়েই খেলবে। মাশরাফি বিন মুর্তজার সঙ্গে আবুল হাসানকেই রাখা হবে।
সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, আনামুল হক, নাঈম ইসলাম, মুশফিকুর রহিম (অধিনায়ক), মমিনুল হক, নাসির হোসেন, মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা ও আবুল হাসান।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
এসএ/এএইচবি