 |
সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিবের বক্তব্যকে কেন্দ্র করে শ্যামনগর উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার তালা উপজেলার খেজুরবুনিয়া বাজারে এক পথসভায় জেলা বিএনপির সভাপতি পদ্মা সেতুর দুর্নীতি প্রসঙ্গে বলেন, "প্রধানমন্ত্রী নিজেই দুর্নীতিবাজ বলে তদন্ত করছেন না।"
পরে এ বক্তব্যের জের ধরে শুক্রবার রাত ৮টার দিকে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর বাসস্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়।
সেখানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জগলুল হায়দার, সাধারণ সম্পাদক গাজী আনিসুজ্জামান আনিস, যুগ্ম-সম্পাদক জাফরুল আলম বাবু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আল-মামুন লিটন প্রমুখ।
বক্তব্য শেষে আওয়ামী লীগ নেতাকর্মীরা উপজেলার বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে এবং আসবাবপত্র রাস্তার ওপর ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়। এক পর্যায়ে তারা সড়কের ওপর অবস্থান নেন। এ সময় আধা ঘণ্টা শ্যামনগর-মুন্সিগঞ্জ সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ বাংলানিউজকে জানান, বিএনপির অফিস তালাবদ্ধ ছিল। আওয়ামী লীগের মিছিল থেকে লোকজন গিয়ে তালা ভেঙে অফিসের আসবাবপত্রে আগুন ধরিয়ে দিয়েছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার বাংলানিউজকে জানান, ভাঙচুরের সময় তিনি ছিলেন না। ছাত্রলীগের কিছু কর্মী ভাঙচুর করেছে।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর তৈমুর-ইলী বাংলানিউজকে জানান, জেলা বিএনপির বক্তব্যকে কেন্দ্র শ্যামনগর আওয়ামী লীগ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে ২০/২৫ জন গিয়ে বিএনপি অফিস ভাঙচুর করে।
পরিস্থিতি শান্ত রয়েছে উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে থানায় এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর