 |
ঢাকা: ঈদের ছুটিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রোগীদের চিকিৎসা নিরাপদ করতে নেওয়া হয়েছে সুব্যবস্থা। ১৫ আগস্ট থেকে সরকারি ছুটি শুরু হলেও হাসপাতালের নিয়মিত কার্যক্রম চালিয়ে নিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে শনিবার ঈদের ছুটি সত্বেও হাসপাতালের পাশাপাশি প্রশাসনও কাজ করেছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার বাংলানিউজকে বলেন, শনিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়েল উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, হাসপাতালের পরিচালক সকলেই অফিস করছেন।
তিনি জানান, এছাড়াও হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগ চালু রয়েছে। সকালে হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. মোখলেছুর জামান হাসপাতাল পরিদর্শন করেছেন।
প্রশান্ত জানান, গত ১৪ আগস্ট ছুটির দিনগুলোতে সুষ্ঠুভাবে হাসপাতাল পরিচালনার জন্যে বিশ্ববিদ্যালয়ের মিলন হলে চিকিৎসক, নার্সসহ সকল কর্মকর্তা-কর্মচারীদের সভা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী যারা ঢাকায় ঈদ উদযাপন করছেন, তারা শনিবার অফিস করবেন এবং ছুটির দিনগুলোতে কাজ চালিয়ে যাবেন। এছাড়াও ইসলাম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী চিকিৎসক, নার্সরা নিয়মিত সেবা প্রদান করবেন।
দুর্ঘটনায় আহত রোগীদের জরুরি সেবা প্রদানের জেন্য অর্থোপেডিক বিভাগটিও খোলা থাকবে বলে জানানো হয়।
১৪ আগষ্টের সভার সিদ্ধান্ত অনুযায়ী যেসব কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে দ্বায়িত্ব পালন করবেন, তারা পরে এ ছুটি নিতে পারবেন। এছাড়াও সরকারি এ ছুটির দিনগুলোতে চিকিৎসক, নার্স ও বয়দের জন্যে বিশেষ খাবারের যোগান দেবে হাসপাতাল কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ১৮ আগস্ট ২০১২
এমএন/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর