 |
আইফোন ৫ নিয়ে অ্যাপল এখন দারুণ ব্যস্ত। বিপুল চাহিদা পূরণে বিপণন প্রক্রিয়াকে ঢেলে সাজাতে হচ্ছে। তবে ২১ সেপ্টেম্বরের প্রথম কিস্তিতেই বিশ্বের ৯টি দেশে পৌঁছে যাচ্ছে আইফোন ৫। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।
বিশ্বের প্রথম তালিকার ৯টি দেশের এশিয়াভুক্ত সিঙ্গাপুর জায়গা পেয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর শুক্রবার সিঙ্গাপুর ছাড়াও আরও ৮টি দেশে একযোগে আইফোন ৫ স্মার্টফোনের বিপণন শুরু হচ্ছে। এ দেশগুলোর মধ্যে আছে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, হংকং, জাপান, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র।
ঠিক পরের সপ্তাহে অর্থাৎ ২৮ সেপ্টেম্বর ইতালি, পোল্যান্ড এবং স্পেনসহ বিশ্বের ২২টি দেশে দ্বিতীয় কিস্তিতে আইফোন ৫ বিপণন শুরু হবে। দফায় দফায় বিপণন প্রক্রিয়াকে সুবিন্যাস্ত করতে কাজ করছে অ্যাপল।
এদিকে এশিয়ার মধ্যে সিঙ্গাপুরে ২১ সেপ্টেম্বরেই আইফোন ৫ পাওয়া যাবে। এজন্য দেশটির তিনটি অপারেটর এমওয়ান, সিঙ্গটেল এবং স্টারহাব ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তবে চাহিদা এবং সরবরাহে কিছু ঘাটতি আছে। এমনটি বলছেন বাজার বিশ্লেষকেরা।
এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে পাতলা, হালকা এবং অপেক্ষাকৃত কম পুরুত্বের সমন্বয়ে আইফোন ৫ নিজেকে অনন্য করে তুলেছে। এতে আছে কিছুটা দীর্ঘ আকৃতির ৪ ইঞ্চি বিশিষ্ট সুদৃশ্য টাচস্ক্রিন। আগের ৪এস মডেলে এ পর্দা ছিল ৩.৫ ইঞ্চির।
পুরো স্ক্রিনে আরও বেশি আইকন ধারণ এবং দৃষ্টিনন্দন চওড়া পর্দার জন্য এবারে আইফোন ৫ মডেলে ৪ ইঞ্চি পর্দা রাখা হয়েছে।
অ্যাপলের জ্যেষ্ঠ সহ সভাপতি ফিল শিলারের বলেন, আইফোন ৫ মাত্র ৭.৬ মিলিমিটার পুরু। এটি আগের আইফোনের তুলনায় ১৮ ভাগ বেশি পাতলা। এমন হিসাবে এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে কম পুরুত্বের স্মার্টফোন এটাই।
এ ছাড়াও সবচেয়ে শক্তিশালী মোবাইল ফোন নেটওয়ার্কের গতি নিশ্চিতে আইফোন ৫ এখন অনেকটাই প্রস্তুত। এতে ফোরজি নেটওয়ার্কও কাজ করবে। সব মিলিয়ে এশিয়ার বাজারে আইফোন ৫ কতটা ঝড় তুলবে তা আগামী ২১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বাজার চাহিদাই পরিষ্কার করে দেবে। এজন্য খুব বেশি অপেক্ষাতেও থাকতে হচ্ছে না অ্যাপল ভক্তদের।
বাংলাদেশ সময় ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২