 |
ওয়াসিংটন: চারটি প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্র সফরে গেছে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ। সফরের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে হোসে মরিনহোর শিষ্যরা। মেজর লিগ সকার চ্যাম্পিয়ন লস এঞ্জেলেস গ্যালাক্সিকে ৫-১ গোলে হারিয়েছে তারা।
গ্যালাক্সির বিপক্ষে শুরুতে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। খেলার ৮৫ সেকেন্ডে অ্যাঞ্জেল দি মারিয়ার বাড়িয়ে দেওয়া বলে স্বাগতিকদের জালে বল জড়ান ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েন। নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে স্প্যানিশ লিগ চ্যাম্পিয়নরা। গোল করেন মারিয়া।
পরপর দুই গোল হজমের পর আক্রমণে যায় গ্যালাক্সি। প্রচেষ্টা বৃথা যায়নি। ২৩ মিনিটে একটি গোল শোধ করে স্বাগতিকরা। ফ্রিকিক থেকে ডেভিড বেকহামের উড়ন্ত শটে মাথা ছুঁয়ে জালে বল পাঠান ব্রাজিলের ডিফেন্ডার ডেভিড জুনিয়র লোপেস। ৩৬ মিনিটে আবারও ব্যবধান (৩-১) বাড়ায় রিয়াল। নিশানাভেদ করেন হোসে মারিয়া কালেহন।
বিরতির পর গোল করতে পারেনি গ্যালাক্সি। তবে স্বাগতিকদের গোল খরার দিনে বসে থাকেনি রিয়াল। এই অর্ধে আরও দুটি গোল করে তারা। ৪৯ মিনিটে আলভারো এবং ৮৬ মিনিটে শেষ বারের মতো প্রতিপক্ষের জালে বল পাঠান রিয়াল মাদ্রিদদের আলেক্স ফার্নান্দেজ।
প্রথমার্ধে না খেলেও বিরতির পর বেশকয়েকজন তারকা ফুটবলারকে মাঠে নামান কোচ মরিনহো। তাদের মধ্যে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও মেসুত ওজিল। কিন্তু তাদের জ্বলে উঠার কোনো সুযোগ দেয়নি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে দলে পরিবর্তন করে গ্যালাক্সিও। মাঠ থেকে তুলে নেওয়া হয় বেকহাম, ল্যান্ডন ডোনোভান ও রোবি কেনকে।
আগামী রোববার দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। লাস ভেগাসে মাক্সিকান চ্যাম্পিয়ন সান্তোস লাগুনার মুখোমুখি হবে তারা। বুধবার ইতালির এসি মিলান এবং ১১ আগস্ট স্কটিশ ক্লাব সেলটিকের বিপক্ষে খেলবে রোনালদোরা।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর