৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৫:৩৫ পিএম BDST banglanew24
19 Aug 2012   04:15:28 PM   Sunday BdST
E-mail this

রাজনীতিবিদদের ‘ভালবাসার দান’ জড়িয়ে ঈদ


রমেন দাশগুপ্ত, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাজনীতিবিদদের  ‘ভালবাসার দান’ জড়িয়ে ঈদ

চট্টগ্রাম : স্ত্রী, সন্তান, পুত্রবধু অথবা দলের কর্মীদের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া পাঞ্জাবি, শার্ট কিংবা ফতুয়া পড়ে ঈদুল ফিতর উদযাপন করবেন চট্টগ্রামের শীর্ষ ও তারকা রাজনীতিকরা।

একান্ত আপনজনের দেয়া এসব উপহারকে ‘ভালবাসার দান’  হিসেবেই মনে করেন এসব রাজনীতিক। রাজনীতির ব্যস্ততায় তেমনভাবে নিজের জন্য কেনাকাটার সুযোগ না হলেও ভালবাসার দান হিসেবে পাওয়া এসব পোশাক গায়ে জড়িয়েই তারা যাবেন ঈদের নামাজ আদায় করতে।

চট্টগ্রামের শীর্ষ রাজনীতিকরা কে, কিভাবে ঈদ করবেন এমন বিষয়ে বাংলানিউজের পক্ষ থেকে অনুসন্ধান করে পাওয়া গেছে এসব তথ্য।

দীর্ঘদিন পর এবারের ঈদে স্ত্রীকে ঢাকার একটি বিপণি বিতান থেকে একটি শাড়ি কিনে দিয়েছেন দেশের অন্যতম ব্যস্ত রাজনীতিক বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। এরপর ওই দোকান থেকে নিজের জন্য একটি পাঞ্জাবিও কিনেছেন তিনি।

নোমান বাংলানিউজকে বলেন, অনেক বছর স্ত্রীকে নিয়ে কোন মার্কেটে যাইনি। তাকে কখন একটি শাড়ি কিনে দিয়েছি, সেটি মনেও নেই। এবার এক প্রকার জোর করেই মার্কেটে গেলাম, স্ত্রীকে বললাম একটি শাড়ি নাও। সে অবশ্য কয়েকবার না, না করেছে।

নিজের পাঞ্জাবির কথা বলতে গিয়ে সাবেক এ বাম নেতা বলেন, শাড়ি কেনার পর পাঞ্জাবির টাকা দিতে গেলে ব্যবসায়ী কোনভাবেই টাকা নিতে চাননি। শেষে লাভ ছাড়া কেনা দাম নিয়েছেন। তিনি আমাকে, আমার রাজনীতিকে শ্রদ্ধা করেন। আমি মনে করি, এটি আমার জন্য এবারের ঈদে সেরা উপহার। এ পাঞ্জাবি পড়েই আমি নামাজ পড়ব।

এদিকে ছেলে, মেয়ে, পুত্রবধূসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য এবারের ঈদে পাঞ্জাবি কিনে দিয়েছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীকে। কিন্তু ঈদের নামাজে যাবার সময় এসব পাঞ্জাবি যে পড়তেই হবে, এমনটা মানতে নারাজ মহিউদ্দিন।

তিনি বাংলানিউজকে বলেন, নতুন পোশাক, দামি পোশাক পরে ঈদ করতে হবে, এমনটা কখনও আমার মাথায় ছিলনা, এখনও নেই। নামাজ পড়তে যাবার আগে হাতের সামনে যেটা পাই, সেটা পড়েই চলে যাব। আমার ঘরের লোকজনও জানে, আমি পোশাক নিয়ে লালায়িত নই।

অন্যদিকে পুত্রবধূও দেয়া পাঞ্জাবি পড়ে নামাজে যাবার সিদ্ধান্ত নিয়েছেন সাবেকমন্ত্রী ও নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী। ছেলে, পুত্রবধূ, ভাইয়ের ছেলেসহ অনেকেই এবারের ঈদে আমির খসরুকে পাঞ্জাবি ও শার্ট উপহার দিয়েছেন। কিন্তু নামাজে যাবার জন্য পুত্রবধূর দেয়া পাঞ্জাবি আলাদা করে রেখেছেন তিনি।

আমির খসরু বাংলানিউজকে বলেন, আমার মেয়ে প্রতি বছর আমাকে ঈদে পাঞ্জাবি কিনে দিত। সে এখন কেমব্রিজে পিএইচডি করছে। সেজন্য এবারের ঈদে কিছুই দিতে পারেনি। তবে পুত্রবধূ দিয়েছে। সেতো আমার আরেক মেয়ে। তার পাঞ্জাবি আমার কাছে সবচেয়ে সেরা ভালবাসার দান। তাই সেটাই পড়ে নামাজে যাব।

আমির খসরু জানান, রাজনীতিতে প্রবেশের পর স্ত্রী, সন্তানদের নিয়ে ঈদের কেনাকাটা তিনি কখন করেছেন তা মনে নেই তার। এবারও মার্কেটে যেতে পারেননি।

এদিকে ছেলে, ভাইপো, ভাইঝি সবার কাছ থেকে পাঞ্জাবি, শার্ট  ঈদ উপহার হিসেবে পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফছারুল আমিন। এত উপহারের ভিড়ে কোনটা পরে নামাজ আদায় করতে যাবেন, সে সিদ্ধান্ত নিতেই মন্ত্রীকে এখন হিমশিম খেতে হচ্ছে।

আফছারুল আমিন বাংলানিউজকে বলেন, আমার বয়স হয়েছে, বারবার বলি, আমার কিছু দরকার নেই। তারপরও ছেলে, ভাইপোরা মানতে চায়না। আমার মুখে বয়সের ছাপ, শরীরে বার্ধক্যের ছাপ, কোন পাঞ্জাবি পড়লে আমাকে মানাবে, মানুষ নিন্দা করবেনা সেটাই ভাবছি। দেখি, শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে আসতে পারি কিনা ? না হলে পুরনো একটা পরে চলে যাব।

এবারের ঈদে পাঁচ ছেলে, ছেলের বৌ, স্ত্রী, দলের নেতা-কর্মীদের কাছ থেকে কমপক্ষে ৫০টি পাঞ্জাবি ঈদ উপহার হিসেবে পেয়েছেন চট্টগ্রামের সাংসদ ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম বিএসসি। এখনও পাঞ্জাবির প্যাকেটগুলো খুলেও দেখেননি সাংসদ বিএসসি। তবে তার পছন্দ কালো পাঞ্জাবি, সাদা পায়জামা।

তিনি বাংলানিউজকে বলেন, যেগুলো পেয়েছি, সেখানে দেখব কালো রংয়ের আছে কিনা। কালো পেলে সেটা পড়ব। না হলে, হাতের সামনে যেটা পাই সেটা পড়েই চলে যাব।

অন্যদিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য মীর মোঃ নাছির উদ্দিন ছেলে এবং মেয়ের কাছ থেকে উপহার পেলেও ঈদের নামাজে যাবেন পুরনো সাদা পায়জামা-পাঞ্জাবি পড়ে।

মীর নাছির বাংলানিউজকে বলেন, আমার ছেলেমেয়েরা যেগুলো দিয়েছে সেগুলো দামী, কালারফুল। আমার পছন্দ সাদা। সেজন্য নামাজ পড়ে এসে তাদেরগুলো পড়ব। না হলে, আমার মেয়ে বেশি রাগ করবে।

এবারের ঈদে স্ত্রী ও ছেলেকে নিয়ে জমিয়ে কেনাকাটা করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার। স্ত্রীকে কিনে দিয়েছেন শাড়ি আর ছেলেকে পাঞ্জাবি। আবার স্ত্রীও গোলাম আকবর খোন্দকারকে একটি পাঞ্জাবি কিনে দিয়েছেন।

গোলাম আকবর খোন্দকার বাংলানিউজকে বলেন, স্ত্রী‘র পাঞ্জাবি পরেই নামাজে যাব। আমি প্রতি ঈদে আমার স্ত্রীকে শাড়ি কিনে দিই। সে-ও সারাদিন আমার দেয়া শাড়িই পড়বে।

এদিকে দোকান থেকে একটি পাঞ্জাবি সেলাই করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম। আবার তার স্ত্রীও তাকে একটি পাঞ্জাবি কিনে দিয়েছেন।

এম এ সালাম বাংলানিউজকে বলেন, আমার জন্য কেউ বেশি পোশাক কিনলে আমি বকা দিই। এবার আমার স্ত্রী আগেভাগে আমাকে একটি পাঞ্জাবি দিয়েছে। সে দিয়েছে, আমি না দিলে খারাপ দেখায়, সেজন্য আমিও একটি শাড়ি কিনে দিয়েছি। স্ত্রী’র পাঞ্জাবি পরেই নামাজ পড়ব।

অন্যদিকে দলের কর্মী ও তরুণ লেখক সাখাওয়াৎ হোসেন টিপু’র দেয়া পাঞ্জাবি পরে ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো. কাহ আলম। ছেলেও টিউশনির টাকায় বাবাকে একটি শার্ট কিনে দিয়েছে। তবে শাহ আলম পরিবারের সদস্যদের কিছুই দিতে পারেননি।

মো. শাহআলম বাংলানিউজকে বলেন, আমি কখনোই পরিবারের সদস্যদের কিছু দিতে পারিনি। ঈদ তো করবেন একদিকে আবুল হোসেনরা, আরেকদিকে তারেক-কোকোরা।

একদিকে থাকছে গুলশানের লেহেঙ্গা, অন্যদিকে মঙ্গা। তাই এখানে ঈদ আর সার্বজনীন উৎসব নেই।

বাংলাদেশ সময় : ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২   
আরডিজি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর     
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান