 |
ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত কয়েকদিনের টানা দরপতনের পর বৃহস্পতিবার আকস্মিকভাবে সূচক বেড়েছে ২১৯ পয়েন্ট। সূচকের উর্ধ্বমুখিতার পাশাপাশি এদিন লেনদেন হয় প্রায় ৩৩৬ কোটি টাকা।
ঈদের পর থেকেই দেশের পুজিঁবাজারের সূচক নিম্নমুখী হয়ে পড়েছে, যা বাজারের জন্য ছিলো অপ্রত্যাশিত। কিন্তু হঠাৎ করে একদিনে সূচক ২০০ পয়েন্টের ওপরে উঠে যাওয়াকেও অস্বাভাবিক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এতে বাজারে আবারও অস্থিরতার লক্ষণ দেখা যাচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তবে পুঁজিবাজার অবকাঠামো উন্নয়নের শর্তে আড়াই হাজার কোটি টাকার ঋণ অনুমোদন এবং প্রধান প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ভূমিকায় থাকা ব্যাংকগুলোর সংগঠনের সঙ্গে বৈঠকের কারণে বাজারে ইতিবাচক প্রভাব সৃষ্টি হয়েছে। পাশাপাশি সূচক ৪ হাজার পয়েন্টের নিচে নেমে আসায় অনেকে কম দরে শেয়ার কেনার সুযোগ নিচ্ছেন। এতে লেনদেন ও সূচক উভয়ই বেড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই সূচকের উর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ২৭১ টি কোম্পানির ৯ কোটি ২১ লাখ ৬৪ হাজার ২৪১ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই’তে মোট লেনদেনের পরিমাণ ৩৩৬ কোটি ৪৩ লাখ ৩১ হাজার ২৩৪ টাকা। যা আগের দিনের চেয়ে ১৪৯ কোটি ৩৩ লাখ টাকা বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২১৯.০৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২১০.৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই-২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৩৫.৭০ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৪১৬.১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৭১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬৬ টির, কমেছে ৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ারের।
ডিএসইতে আর্থিক লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো - ইউনাইটেড এয়ারওয়েজ, ইউনিক হোটেল, বিএসসিসিএল, যমুনা অয়েল, ন্যাশনাল ব্যাংক, আর এন স্পিনিং, মালেক স্পিনিং, তিতাস গ্যাস, বেক্সিমকো ও সিএমসি কামাল ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো - আমরা টেকনোলজি, বিএসসিসিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল, ওয়ান ব্যাংক, বীচ হ্যাচারী, ইউসিবিএল, সমরিতা হাসপাতাল, মডার্ন ডাইয়িং ও প্রাইম লাইফ ইন্স্যুরেন্স।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্য সূচক ৬৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮১৭ পয়েন্টে। এদিন লেনদেন হওয়া মোট ১৮০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭০টির কমেছে ৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২টির।
সিএসইতে মোট আর্থিক লেনদেন হয়েছে ৪৪ কোটি ২৪ লাখ ২৫ হাজার ৭৬৩ টাকা।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘন্টা, ২৯ নভেম্বর, ২০১২
জেবিএ/সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর