ঢাকা : ‘তারুণ্যের অবিনাশী শক্তি রুখে দিক লুণ্ঠন, আগ্রাসন, শিক্ষাবাণিজ্য’ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ হয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৩৫তম জাতীয় সম্মেলন ও কাউন্সিল।
বৃহস্পতিবার ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করে।
সম্মেলন শেষে দলের কাউন্সিল অধিবেশনে এসএম শুভকে সভাপতি, হাসান তারেককে সাধারণ সম্পাদক ও মঞ্জুর মঈনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সংসদ নির্বাচন করা হয়।
কাউন্সিল অধিবেশনে শোক প্রস্তাব, রাজনৈতিক প্রস্তাব, অর্থ প্রস্তাব, পরিবেশ প্রস্তাবসহ মোট ৬টি প্রস্তাব গৃহীত হয়। এছাড়া অধিবেশনে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক তাদের প্রতিবেদন উপস্থাপন করেন।
সব শেষে নবনির্বাচিত সংসদকে শপথ বাক্য পাঠ করান ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জ্বল। পরে নেতৃবৃন্দ শহীদ রাজুর বেদিতে পুষ্পস্তবক অর্পন করেন।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
এমএ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর