 |
| ছবি: কাশেম হারুন |
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, আওয়ামী লীগ নেতাদের কথা জনগণ বিশ্বাস করে না। দেশকে বাঁচাতে হলে অচিরেই সংলাপের আয়োজন করুন। সংলাপের উদ্যোগ সরকারকেই নিতে হবে।
সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে জাতীয় নাগরিক সংসদ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলজিআরডি ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যে জবাবে তিনি বলেন, আমরা যুদ্ধ করতে চাই না, আমরা সংগ্রামে বিশ্বাসী। গণতন্ত্রকে সোজা পথে হাঁটতে দিন। যদি গণতন্ত্র নস্যাৎ হয় এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে তিনি বলেন, আগামী ১১ জুনের মধ্যে তত্বাবধায়ক ইস্যুতে সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
জাতীয় নাগরিক সংসদের সভাপতি বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিনের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, যুব দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরমের সভাপতি আবু নাসের রহমত উল্লাহ, জিয়া সেনা’র সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ইসা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ২৮, ২০১২
এনএম/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর