১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৫:৩২ এএম BDST banglanew24
21 Dec 2012   04:32:16 PM   Friday BdST
E-mail this

রাজশাহী ডিগ্রি কলেজে পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়!


শরীফ সুমন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মহানগরের নিউ গর্ভমেন্ট ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফরম পূরণ বাবদ অতিরিক্ত টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

কোচিংয়ের নামে বাধ্যতামূলক এ টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

তবে রাজনৈতিক বিবেচনায় অনেকের কাছ থেকে কম টাকা আদায় হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ৯ ডিসেম্বর থেকে কলেজে এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ শুরু হয়। এর পর থেকেই প্রত্যেক সাধারণ শিক্ষার্থীর কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি বাবদ ২ হাজার টাকা করে বেশি আদায় করছে কলেজ কর্তৃপক্ষ।

এতে বিপাকে পড়েছেন গরিব ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা। তবে অতিরিক্ত ২ হাজার টাকা করে নেওয়া হচ্ছে না শুধু ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর সমর্থকদের কাছ থেকে। তারা দলীয় পরিচয় দিয়ে অথবা নেতাকর্মী নিয়ে গিয়ে ওই টাকা মওকুফ করে নিচ্ছেন বলে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ।

তবে এ অভিযোগ অস্বীকার করে কলেজ অধ্যক্ষ প্রফেসর আবদুল ওয়াহেদ সরকার বাংলানিউজকে জানান, ফরম পূরণের জন্য মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের কাছ থেকে ১ হাজার ৬শ ৫০ টাকা এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের কাছ থেকে ১ হাজার ৮শ ৫০ টাকা করে নেওয়া হচ্ছে। এর বাইরে শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ৩ মাস কলেজ থেকে আলাদাভাবে কোচিং করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যারা কোচিং করেছে, কোচিং ফি বাবদ তাদের কাছ থেকে ২ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। তবে যেসব শিক্ষার্থী কোচিং করতে অনাগ্রহ প্রকাশ করছে, তাদের কাছ থেকে এ টাকা নেওয়া হচ্ছে না। শুধু ফরম পূরণের টাকাই নেওয়া হচ্ছে।

অধ্যক্ষ আরও জানান, কলেজে ১ হাজার ২শ পরীক্ষার্থীর মধ্যে বুধবার দুপুর পর্যন্ত ফরম পূরণ করেছে প্রায় সাড়ে ১ হাজার ১শ জন পরীক্ষার্থী। এর মধ্যে কোচিংয়ের জন্য টাকা দিয়েছে ৪শ শিক্ষার্থী। কাজেই কারো কাছ থেকে জোর করে টাকা নেওয়া হচ্ছে, এমন অভিযোগ মোটেই সত্যি নয়।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১২
এসএস/সম্পাদনা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিক্ষা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান