 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
মুন্সীগঞ্জ: ঢাকা-তালতলা-বেতকা সড়কের সিরাজদিখান উপজেলার লালবাড়ি এলাকায় বাস খাদে পড়ে সুবর্ণা (৭) ও আব্দুর রহমান মিস্টার (৪৫) ও অজ্ঞাত পরিচয় এক শিশুসহ ৩ যাত্রী নিহত ও ১৮ জন আহত হয়েছেন।
সোমবার ঈদের দিন দুপুর দেড়টার দিকে এ দুঘটনা ঘটে।
নিহত সুবর্ণা সিরাজদিখান উপজেলার আবিরপাড়া গ্রামের মো. সুমনের মেয়ে ও আব্দুর রহমান মিস্টার টঙ্গিবাড়ী উপজেলার চরমাহমুদপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
আহত যাত্রীদের মধ্যে ৫ জনকে উদ্ধারের পর ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের স্বজনদের সমবেদনা জানান।
সিরাজদিখান থানার পরিদর্শক মেহেদী হাসান জানান, ডিএম পরিবহনের একটি বাস ঢাকা থেকে টঙ্গিবাড়ী যাওয়ার পথে সিরাজদিখানের লালবাড়ি নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ শিশুসহ ৩ জন নিহত হয়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই স্থানীয় জনতা, পুলিশ ও দমকল কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খাদের পানিতে পড়া যাত্রীবাহী বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘন্টা, আগস্ট ২০, ২০১২
কাজী দীপু/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর