ঢাকা: পেশাগত দায়িত্ব পালনের সময় শনিবার দুপুরে তিন ফটোসাংবাদিক পুলিশি নির্যাতনের শিকার হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিউম্যান এনভায়রনমেন্ট রাইটস সোসাইটি (হারস্)।
সংস্থাটির গণমাধ্যম শাখার পরিচালক নিশান-ই-মোমেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ ঘটনায় মানবাধিকার পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা এবং উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে সংস্থাটি। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হামলার পর তেজগাঁও জোনের এসিসহ ১০ পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু রাষ্ট্র, সংবিধান ও পুলিশ বাহিনীর শপথ ভঙ্গের মতো ন্যাক্কারজনক এ হামলার শাস্তি শুধু প্রত্যাহার বা বদলিই যথেষ্ট নয়। এসব অপেশাদার পুলিশ সদস্যদের যারা প্রশিক্ষণ দিয়েছেন, তাদেরও শাস্তি দাবি করেছে সংস্থাটি।
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, মে ২৬, ২০১২
এমকে/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর