চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিযেছে বিএসএফ।
সোমবার বেলা ১১টার দিকে বিএসএফ লাশ ফেরত দেয়। তবে এব্যাপারে পতাকা বৈঠকের কথা থাকলেও তা হয়নি বলে সীমান্ত সূত্রে জানা গেছে।
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)র অপারেশন অফিসার মেজর নাইম বাংলানিউজকে জানান, সোমবার বেলা ১১টার দিকে শিংনগর সীমান্তের ১৭১/১-এস নং মেইন পিলারের কাছে ভারতের মালদহ জেলার ১২৫ সবদেলপুর বিএসএফ ক্যাম্পের ডেপুটি কমান্ডার সন্দীপ সিং ফারুকের লাশ বিজিবি’র কাছে হস্তান্তর করেন।
পরে বিজিবি ফারুকের লাশ শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
গত শনিবার ভোরে ফারুক গরু আনার জন্য পারচৌকা সীমান্ত পথে ভারতে প্রবেশের সময় সবদেলপুর বিএসএফ ক্যাম্পের জোয়ানরা তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়ার পর লাশ হস্তান্তর করে বিএসএফ।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১২
প্রতিবেদন: এ,কে,এস,রোকন
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর