ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, যারা ষড়যন্ত্র করে এবং যাদের সঙ্গে ষড়যন্ত্র করে তারাও যড়যন্ত্রের শিকার হন। বর্তমানে যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করছেন তাদের অবস্থাও মীর জাফরের মতো হবে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সাংস্কৃতিক ঐক্যফ্রন্ট আয়োজিত ঐতিহাসিক পশালী ট্রাজেডির ২৫৫ বছর পূর্তি উপলক্ষে ‘স্বদেশ যেন পলাশীর প্রান্তর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের আজকের পরিস্থিতি পলাশীর চেয়েও ভয়ঙ্কর। আজকে কারা ষড়যন্ত্র করছে তা নিজেরাই নিজেদের কাছে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবেন।
নতুন ষড়যন্ত্র থেকে দেশকে উদ্ধারে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, বাংলা বিহার উড়িষ্যা স্বাধীন থাকতে চেয়েছিল। কিন্তু কেন্দ্রীয় ভারত তা চায়নি। বর্তমানেও সে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে তিনি দাবি করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আলেচান সভায় বক্তব্য রাখেন-বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, জামায়াতের নির্বাহী সদস্য হামিদুর রহমান আজাদ এমপি, কবি আল মুজাহিদী প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ২৩, ২০১২
এআই/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর