 |
| ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম: স্বাধীনতার ৪১ বছর পূর্তি উপলক্ষে ‘বসুন্ধরা সিমেন্ট শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা’র চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
নগরীর ফয়’স লেকের সি ওয়ার্ল্ডে করা হয়েছে এ আয়োজন।
স্বাধীনতা, স্বাধীনতার আনন্দ ও স্বাধীনতার বন্ধন বিষয়ে বর্ণিল সব ছবিতে মেধার পাশাপাশি প্রকাশ পেয়েছে খুদে শিল্পীদের অন্তরে লুকিয়ে থাকা দেশের প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধ।
শুক্রবার বিকেল ২টা ৪০ মিনিটে শুরু হয় দেড় ঘণ্টার বিভাগীয় প্রতিযোগিতা। নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, বান্দরবান, কক্সবাজারসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ৩টি বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের দ্বিতীয় শ্রেণি পড়ুয়া কন্যা তাসমিনা জান্নাত অর্পাকে নিয়ে এসেছেন প্রতিযোগিতায়।
তিনি বলেন, কুমিল্লা জেলায় ক বিভাগে প্রথম স্থান অধিকার করেছে অর্পা। সি ওয়ার্ল্ডে আমি আর আসিনি। এবারই মেয়ের প্রতিযোগিতা উপলক্ষে এলাম। খুবই চমৎকার জায়গা। বাচ্চাও খুব খুশি।
প্রতিযোগিতার আয়োজন প্রসঙ্গে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার মো. সাইফুল ইসলাম হেলালী বাংলানিউজকে বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে শিশু-কিশোরদের সৃজনশীলতা ও মেধা বিকাশের লক্ষ্যে দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এটি আমাদের বিভাগীয় পর্যায়ের শেষ প্রতিযোগিতা। এখানে যে ৬৬ জন খুদেশিল্পী অংশ নিয়েছে তারা জেলা পর্যায়ে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারী। এর মধ্য থেকে ৩টি বিভাগে ৯জন প্রতিযোগী জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবে।
কেমন সাড়া পেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, আমরা অভিভূত। ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের মনে হচ্ছে, বসুন্ধরা সিমেন্ট বাজারে আসার আগেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
বিকেলে অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম। বিশেষ অতিথি থাকবেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের ব্রান্ড ম্যানেজার মো. শামীম আল মামুন ও ডিজিএম (শিপিং অ্যান্ড লজিস্টিক) আসিফ চৌধুরী।
উল্লেখ্য, প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে ৩টি বিভাগে পুরস্কার হিসেবে দেওয়া হবে যথাক্রমে ল্যাপটপ, ১০ হাজার টাকা ও ৫ হাজার টাকা। বিশেষ পুরস্কারসহ মোট পুরস্কার রয়েছে ৩০টি।
প্রতিযোগিতার বিচারক হিসেবে রয়েছেন দেশবরেণ্য শিল্পী হামিদুজ্জামান খান ও শিল্পী সৈয়দ আবুল বারক আলভী।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর