পাটুরিয়া ফেরিঘাট(মানিকগঞ্জ) থেকে: ২২ বছর পর ঢাকা থেকে খুলনা যাওয়ার সময় পাটুরিয়া ফেরিঘাটে এসে এবারই প্রথম সরাসরি ফেরিতে ওঠার সুযোগ পেয়েছে ঢাকা-খুলনা সড়কে চলাচলকারী এহসান পরিবহনের যাত্রীবাহী বাস।
একইভাবে খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথে শনিবার সকালেও দৌলতদিয়া ফেরিঘাট থেকে সোজা ফেরিতে গাড়ি তুলেছেন চালক।
বাংলানিউজকে এসব কথা বলছিলেন, ওই বাসের সুপারভাইজার মো. আকবর হোসেন (৪৮)।
আকবর হোসেন আরও জানান, মোটরগাড়িতে চাকরি করার সুবাদে এ ঘাট দিয়ে তিনি প্রতিদিন একবার করে পদ্মা নদী পার হন।
দীর্ঘ ২২ বছরের কোনো দিনই তিনি পাটুরিয়া-দৌলতদিয়ায় দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করা ছাড়া ফেরিতে ওঠার সুযোগ পাননি। কিন্ত এবার ঈদের বাড়তি গাড়ির চাপ থাকলেও ঘাটে যানজট নেই। তার কাছে সত্যিই কল্পনার মতো মনে হচ্ছে এটি।
ঈদের দীর্ঘ ছুটিতে ফেরির সংখ্যা বৃদ্ধি আর পুলিশ প্রশাসনের কড়া নজরদারির কারণে এমনটা হয়েছে বলে মনে করেন তিনি।
পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোর যোগাযোগের অন্যতম এ নৌপথে বিভিন্ন কারণে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। যেকারণে প্রতিবছর ঈদের সময় চরম ভোগান্তির শিকার হয় যাত্রী ও যানবাহন চালকরা।
এবার স্থানীয় পুলিশ প্রশাসন বিআইডব্লিউটিসি ও ফেরি স্টাফরা একযোগে কাজ করায় ঘাট এলাকায় কোনো যানজট সৃষ্টি হচ্ছে না।
উল্লেখ্য, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বর্তমানে ১০টি রো রো ও ২টি কেটাইপ ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর