 |
ঢাকা: একজন ‘নেতা’ খোন্দকার দেলোয়ার হোসেন কিভাবে একটি ‘নক্ষত্রে’ পরিণত হয়েছেন, সেই গল্পই উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে স্মারক গ্রন্থে।
বললেন, বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।
শুক্রবার বাংলানিউজের সঙ্গে টেলিফোন আলাপে বাবার স্মৃতিতে করা স্মারক গ্রন্থ সম্পর্কে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘‘গ্রন্থটি পড়ে বাবাকে সবার মনে পড়বে। তিনি অনেকেরই আদর্শ। তাই বাবার জীবনের জানা-অজানা কথাগুলো জানার আগ্রহ অনেকেরই রয়েছে। সেই আগ্রহের প্রতি সম্মান দেখাতেই এ গ্রন্থটি করা হয়েছে।’’
গ্রন্থটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেন বাবলু।
তিনি বলেন, ‘‘গ্রন্থটিতে বাবার জীবনের অনেক কিছুই বিভিন্ন লেখনীতে উঠে এসেছে।’’
বিশেষ করে, এ গ্রন্থ থেকে ওয়ান-ইলেভেন এবং এর পরবর্তী সময়ে দেলোয়ারের কর্মকাণ্ড বিস্তারিতভাবে জানা যাবে বলেও জানান বাবলু।
তিনি বলেন, “পরিচিত ও বিশিষ্ট ব্যক্তিদের লেখা রয়েছে এ গ্রন্থে। কার চোখে বাবা কেমন ছিলেন, সেটাও এখানে ফুটে ওঠেছে।”
‘‘সরকার দলীয় নেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. নাসিমসহ বিপরীত ঘরানার বিশিষ্ট ব্যক্তির লেখাও রয়েছে গ্রন্থে’’- বলেন বাবলু।
তিনি জানান, প্রয়াত নেতা খোন্দকার দেলোয়ারের জীবনের নানা মুহূর্তের আলোকচিত্র, বিদেশ ভ্রমণের ছবিসহ তার জীবনবৃত্তান্ত সবিস্তারে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
উল্লেখ্য, প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন স্মারক গ্রন্থটি প্রকাশ করতে যাচ্ছে বিএনপি। এর মোড়ক উন্মোচন করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
২৬ জানুয়ারি শনিবার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মোড়ক উন্মোচনের এ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে দেলোয়ারের পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ অন্যান্য নেতারাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে দল ও দেলোয়ারের পরিবার সূত্র জানায়।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৩
এসকেএস/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর