ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১১ সালে শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে যে ডিভিডেন্ড ঘোষণা করেছেন তা তাদের বিও একাউন্টে জমা হয়েছে। কোম্পানি দুটি হলো- আইএফআইসি ব্যাংক এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আইএফআইসি ব্যাংক: আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ এর শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।
এছাড়া পরিচালনা পর্ষদ ৩:৪ হারে রাইট শেয়ার দিয়ে কোম্পানির পরিশোধিত মূলধন বাড়ানোর প্রস্তাব করেছে। অর্থাৎ এর শেয়ারহোল্ডাররা প্রতি ৪টি শেয়ারের পরিবর্তে ৩টি করে রাইট শেয়ার নিতে পারবেন। ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের মূল্য ধরা হয়েছে ২০ টাকা। প্রস্তাবটি শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থা এসইসির অনুমোদনের পর কার্যকর করা হবে।
সমাপ্ত অর্থবছরে আইএফআইসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ২৪ দশমিক ১৫ টাকা।
ইস্টার্ন ইন্স্যুরেন্স: ইস্টানং ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।
সমাপ্ত অর্থবছরে ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানির কর পরবর্তী নিট লাভ হয়েছে ৭ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৩২ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৯৯ টাকা।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর