রাঙামাটি: রাঙামাটি সরকারি কলেজে শনিবার সকালে তুচ্ছ একটি ঘটনার জের ধরে পাহাড়ি ও বাঙালি ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৩০ থেকে ৩৫ জন ছাত্রছাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার কলেজ থেকে ফিরে যাওয়ার সময় আদিবাসী ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে বাসে বসা নিয়ে কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এবিষয়ে পাহাড়ি ছাত্র পরিষদের কলেজ শাখার সভাপতি রনো চাকমা শনিবার রাত সাড়ে ১০টায় বাংলানিউজকে বলেন, `শনিবার সকাল পৌনে ১১টার দিকে ছাত্রলীগের কর্মীরা অতর্কিতে আদিবাসী ছাত্রছাত্রীদের ওপর হামলা চালায়। এতে ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ছাত্রীও রয়েছেন।`
আহতদের রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে রনো চাকমা বলেন, `বৃহস্পতিবার ক্লাস শেষে ফিরে যাওয়ার সময় গাড়িতে সিটে বসা নিয়ে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে আদিবাসী ছাত্রদের তর্কবিতর্ক হয়। এরই জের ধরে তারা শনিবার সকালে আদিবাসী ছাত্রছাত্রীদের ওপর হামলা চালানো হয়েছে।`
তবে এবিষয়ে ছাত্রলীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর পরই কোতোয়ালি থানা পুলিশ ও সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এঘটনার জের ধরে রাঙামাটি শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর