 |
| ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম: আলিয়ঁস ফ্রঁসেজ ও গ্যেটে ইনস্টিটিউটের যৌথ আয়োজনে পরিচালিত কর্মশালার শিল্পীদের ‘অনুরণনে নৃত্য’ পরিবেশিত হবে শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে।
শুক্রবার আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার পরিচালক অলিভার লিটভাইন, কর্মশালার প্রশিক্ষক সামির আকিকা, জার্মান কালচার সেন্টারের জুডিথ মির্সসেবারজার, সাধনার কর্মকর্তা লুবানা মরিয়ম, সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (হেড অব ব্র্যান্ড) নাজমুল করিম চৌধুরী, নৃত্যশিল্পী হানিফ খন্দকার।
আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক ড. স্যামুয়েল ব্যার্থের সঞ্চালনে বক্তারা বলেন, ফরাসি-জার্মান তহবিলে পরিচালিত কর্মশালায় বাংলাদেশের ১৬ নৃত্যশিল্পী অংশ নেন। এ কর্মশালা শিল্পীদের নতুন করে গড়ে তুলতে ফলপ্রসূ ভূমিকা রাখবে।
সামির আকিকা বলেন, ‘‘এ কর্মশালার মধ্য দিয়ে আমি চেয়েছি, শিল্পীদের সততা ও নৈকট্য যেন হয়। আমি দেখেছি, এখানে নৃত্যশিল্পীর জীবিকা অর্জন কঠিন।’’
‘‘বাংলাদেশের সংস্কৃতি ভীষণ প্রাণবন্ত, জীবন্ত। ইউরোপ, ফ্রান্স ও জার্মানিতে শিল্পীর স্বাধীনতা রয়েছে নিজেকে প্রকাশ করার।’’
তিনি বলেন, নিজের ঐতিহ্য থেকে ছুটি নিয়ে মাঝে মধ্যে অন্যের ঐতিহ্য নিয়ে মনোযোগী হওয়া যেতে পারে, যেমনটি নিজের বাড়ি ফেলে অন্যের বাড়িতে বেড়াতে যাওয়া।
বক্তারা আশা করেন, প্রশিক্ষিত শিল্পীরা নৃত্য পরিবেশনায় বৈচিত্র্য দেখাতে পারবেন, যা দর্শকদের মুগ্ধ করবে।
স্যামুয়েল ব্যার্থে চট্টগ্রামের আমন্ত্রিত দর্শকদের শনিবার সন্ধ্যার ব্যতিক্রমী পরিবেশনা উপভোগ করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০১২
এআরএম/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর