গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৫ যাত্রী।
বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পারচন্দ্র দিঘলীয়া গ্রামের রহিজ মিয়ার স্ত্রী রত্না বেগম (৩০) ও ছেলে এনামূল ওরফে তামিম (৬)।
আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বাংলানিউজকে জানিয়েছেন, পান্না ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। সকাল ৯টার দিকে পথে মহাসড়কের গোপীনাথপুর এলাকায় পৌঁছালে অপর একটি যাত্রীবাহী ভ্যান ও ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। এ সময় বাসের অপর ৫ যাত্রী আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর