লন্ডন: দুর্দান্ত ফর্মে থাকা রাফায়েল নাদালকে মাটিতে নামালেন জার্মানির ফিলিপ কোহলশেইবার। দিন চারেক আগে লাল কোর্টে রেকর্ড সপ্তমবার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। কিন্তু গ্যারি ভেবার টেনিস ওপেনে পাত্তাই পাননি স্বাগতিক তারকার বিপক্ষে। তার কাছে সরাসরি সেটে হেরেছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা।
রোলাঁ গারোতে জয়সহ এ মৌসুমে টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিলেন প্রতিযোগিতার শীর্ষ বাছাই নাদাল। কিন্তু কোহলশেইবার থামিয়ে দিলেন স্প্যানিশ তারকার জয়রথ। বিশ্ব র্যাঙ্কিংয়ের ৩৪নম্বরের বিপক্ষে নাদাল নয়; খেলেছে তার ছায়া। প্রথম সেটে ৬-৩ গেমে এবং দ্বিতীয় সেটে ৬-৪ গেমে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেনে সাবেক বিশ্বসেরা।
নাদাল হারলেও জয় পেয়েছেন প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার। মিলোস রাওনিচকে ৬-৭ (৪-৭), ৬-৪ ও ৭-৬ (৭-৩) গেমে হারান সুইস তারকা। শীর্ষ আটে তিনি মুখোমুখি হবেন রাশিয়ার মিখাইল ইউঝনির।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুন ১৬, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস